বিচার বিভাগীয় সম্মেলন শুরু শনিবার
সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাই কোর্ট বিভাগের বিচারপতি এবং দেশের অধস্তন আদালতের সকল পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের অংশগ্রহণে বিচার বিভাগীয় সম্মেলন হতে যাচ্ছে।
শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক ও আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক এতে আমন্ত্রিত অতিথি থাকবেন।
এবিষয়ে আইন সচিব, সকল জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ, নির্বাচন কমিশনের যুগ্ম সচিব (আইন), দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (লিগ্যাল অ্যান্ড প্রসিকিউশন), সংসদ সচিবালয়ের যুগ্ম সচিবসহ (আইন প্রণয়ন) বিচার বিভাগীয় কর্মকর্তাদের কাছে চিঠি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেল মো. জাকির হোসেন।
শনিবার সকাল ৮টায় শুরু হবে উদ্বোধনী পর্ব, চলবে ১২টা ৪৫ মিনিট পর্যন্ত।
এ পর্বের শুরুতে স্বাগত বক্তব্য দেবেন সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেল। এছাড়া আইনমন্ত্রী, আইন সচিব ও জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত মহাসচিবের বক্তব্য রাখার কথা রয়েছে।
বেলা ১১টা ৫০ মিনিটে সভাপতির ভাষণ দেবেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা। দুপুর ১২টা ২০ মিনিটে সম্মেলনের উদ্বোধনী ভাষণ দেবেন রাষ্ট্রপতি।
নামাজ ও মধ্যাহ্ন বিরতির পর সমাপনী পর্ব শুরু হবে দুপুর ২টায়, শেষ হবে বিকাল ৪টায়। এ পর্বে সভাপতিত্ব করবেন আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
এ পর্বের শুরুতে বক্তব্য দেবেন অধস্তন আদালতের বিচারকরা। বিকেল পৌনে ৪টায় অভিভাষণ দিবেন দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি।
সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেল জাকির হোসেন শুক্রবার বিডিনিউজটোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সন্মেলনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সারা দেশের অধস্তন আদালতের সব পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তারা অংশ নিতে চাচ্ছে সম্মেলনে।”
তিনি জানান, বিচারবিভাগে গতিশীলতা আনতে রোববার জেলা ও দায়রা জজ বা সমপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেবেন দায়িত্বরত প্রধান বিচারপতি। বেলা আড়াইটা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে এ মতবিনিময় অনুষ্ঠিত হবে।
এছাড়া দায়িত্বরত প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি এবং জেলা জজদের সম্মানে নৈশভোজের আয়োজন করেছেন রাষ্ট্রপতি।
বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা প্রধান বিচারপতি থাকাকালে গত বছর এ সম্মেলন হয় ২৪ ও ২৫ ডিসেম্বর। সে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার থাকার কথা থাকলেও পরে তিনি থাকেননি।
