পাঠ্যবই সুখপাঠ্য করতে চান শিক্ষামন্ত্রী
পাঠ্যবই সুখপাঠ্য ও সহজ করার পাশাপাশি শিক্ষক ও শিক্ষার্থীদের মান উন্নয়নে কর্মশালা আয়োজনের সিদ্ধান্তের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে মান উন্নয়ন নিয়ে শিক্ষাবিদদের সঙ্গে এক সভার পর তিনি একথা সাংবাদিকদের জানান।
শিক্ষামন্ত্রী বলেন, পাঠ্যবইগুলো আরও উন্নত মানের করতে চান তারা। শিক্ষার্থীরা যেন চাপ অনুভব করার বদলে বই পড়তে আনন্দ পায়, সেটাই তাদের লক্ষ্য।
বইয়ের ভাষা সহজ, সরল ও সাবলীল হওয়ার উপর জোর দিয়ে তিনি বলেন, “পাঠ্যপুস্তকের বোঝা আমরা কমাতে চাই। পাঠ্যপুস্তকের বিষয়বস্তুকে আরও সহজ করে উপস্থাপন করতে চাই। ভাষাগুলোকে আরও সহজ ও সাবলীল করতে চাই। বইয়ের ছাপাটা আরও উন্নত করতে চাই।”
শিক্ষাবিদদের পরামর্শে এসব কাজ হচ্ছে বলে জানান তিনি।
শিক্ষকদের মান উন্নয়নের বিষয়েও শিক্ষাবিদদের পরামর্শ পেয়েছেন বলে জানান মন্ত্রী।
সভায় অংশ নেওয়া অধ্যাপক জাফর ইকবাল বলেন, “প্রায় এক বছর আগে আমরা সবাই কক্সবাজারে বসেছিলাম। সেখানে বেশ কিছু সিদ্ধান্ত আমরা দিয়েছিলাম।
“উনারা (মন্ত্রণালয়) ঠিক এক বছর পর কোন কোন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং কোনটা কার্যকর করা হয়েছে, সেটা আমাদের দেখিয়েছেন।”
মিক্ষা মন্ত্রণালয়ের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, “শুধু মিটিং করলাম, ওয়ার্কশপ করলাম, সিদ্ধান্ত নিলাম, কিন্তু আর কিছুই হল না পরে, এটা এখানে হয়নি। কাজেই শিক্ষা মন্ত্রণালয়কে ধন্যবাদ দিলাম।”
অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ বলেন, “আমেরিকার পাঠ্যবই প্রাঞ্জল-সহজ-সরল এবং আনন্দময়। আমাদের পাঠ্যবই তাই করতে হবে।”
প্রশ্নপত্র ফাঁস নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “পরীক্ষার প্রশ্ন ফাঁস দীর্ঘকালের বিষয়। বিজি প্রেস থেকে প্রশ্ন ফাঁস হত। এখন হয় ন। এখন পরীক্ষার দিন সকালে হয়। সে পদক্ষেপও বন্ধ করা হবে।”
সভায় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, অধ্যাপক এমএম আকাশ, শিক্ষক নেতা ফারুক আহমেদসহ অন্যান্য শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন।
