২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যৌন হয়রানি বন্ধে নারীর জন্য অ্যাপ চালুর প্রস্তাব

যৌন নির্যাতন রোধে নারীদের জন্য কোনো মোবাইল অ্যাপ চালু করা যায় কি না সে বিষয়ে সংশ্লিষ্টদের নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকার ইডেন মহিলা কলেজের একজন শিক্ষার্থী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2017, 11:37 PM

Updated : 11 Oct 2022, 02:46 PM

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে মঙ্গলবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে ‘যৌন হয়রানি ও ধর্ষণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিমূলক আলোচনা ও পোস্টার প্রদর্শনী’তে এ প্রস্তাব করেন তিনি।

শাফকাত আলম আঁখি নামের ওই শিক্ষার্থী পুলিশের বরাত দিয়ে বলেন, “২০১৬-১৭ সালে  হাজার ৮০০ এর বেশি ধর্ষণের ঘটনা ঘটেছে। পুরুষরা যদি সচেতন না হয় তাহলে এই ধরনের ঘটনা চলতেই থাকবে। কাজেই নারী-পুরুষ প্রত্যেককেই ব্যক্তিগত পর্যায় থেকে সোচ্চার হতে হবে।

“নারী নির্যাতন প্রতিরোধে যদি কোনো মোবাইল অ্যাপ চালু করা যায় তাহলে তা নারীর জন্য অনেক উপকারে আসবে।”

আলোচনায় সভায় সভাপতিত্বের বক্তব্যে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম নারী নির্যাতনের বিচার নিয়ে হতাশা প্রকাশ করেন।

তিনি বলেন, এত ঘটনা ঘটে যায় কিন্তু  মাত্র ‘২ শতাংশ’ বিচার পায়।

“ভিকটিম নয়, যে ধর্ষণ করেছে তাকে প্রমাণ করতে হবে যে সে অপরাধী নয়। টু ফিঙ্গার টেস্টে নারীকে হেনস্তা হতে হয় আদালতে। পিতৃতান্ত্রিক দৃষ্টিভঙ্গিতে তৈরি এই আইনে পরিবর্তন আনতে হবে। পুলিশ প্রশাসন যদি জেন্ডার সংবেদনশীল না হয় তাহলে হয়ত ভবিষ্যতে এই ২ শতাংশ ঘটনার বিচারও আমরা পাব না।”

আলোচনায় এডভোকেট দীপ্তি রাণি বলেন, “আমরা তনু হত্যার বিচার পাচ্ছি না, আমরা মিতু হত্যার বিচার পাচ্ছি না। আমরা এই বিচারহীনতার সংস্কৃতি থেকে মুক্তি চাই।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক তৌহিদুল হক বলেন, “আমরা সমস্যা চিহ্নিত করতে পেরেছি, কিন্তু তা সমাধান করতে পারছি না। আমাদের দেশে নারী নির্যাতন ও ধর্ষণের বিচার না হওয়ার কারণে এই ধরনের ঘটনা বেশি ঘটছে।”

তিনি বলেন, “সমাজ কাঠামো শৈশবে ছেলে শিশু ও মেয়ে শিশুর মধ্যে পার্থক্য তৈরি করে দেয়। নির্যাতন মুক্ত ও ধর্ষণমুক্ত একটি সমাজ চাইলে সংস্কৃতি ও সমাজ কাঠামোর পরিবর্তনের লক্ষ্যে কাজ করতে হবে।”

ইউএন উইমেনের প্রতিনিধি মাহতাবুল হাকিম বলেন, “সমস্যা হিসেবে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা এখন ভয়াবহ জায়গায় চলে গেছে। গত পাঁচ বছরের ধর্ষণের তথ্য নিয়ে কাজ করতে গিয়ে আমরা দেখেছি, ৮৬ ভাগ ধর্ষিতার বয়স ১৮ বছরের কম।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শাহরিনা আমিন নিজেদের একটি  সমীক্ষার বরাত দিয়ে বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮০ শতাংশ নারী শিক্ষার্থী কোনো না কোনোভাবে যৌন হয়রানির শিকার হয়, কিন্তু লজ্জায় ও মানহানির ভয়ে বন্ধুমহল কিংবা পরিবার কোথাও প্রকাশ করতে পারে না।

“এছাড়াও ভার্চুয়ালি আমি যখন হ্যারাসড হই, তখন বিচারের জন্য সরাসরি রাষ্ট্রের কাছে যেতে পারি না, তেমন কোনো সুযোগ নেই। এসব দিকে আমাদের মনোযোগ দেওয়া জরুরি।”

অনুষ্ঠানটি গানের মধ্য দিয়ে উদ্বোধন করেস বাংলাদেশ মহিলা পরিষদের রোকেয়া সদনের মেয়েরা।

মহিলা পরিষদের প্রোগ্রাম অফিসার আফরোজা আরমানের সঞ্চালনায় সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইডেনের আরও কয়েকজন শিক্ষার্থী বক্তব্য দেন।