২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারের হ্যাপি হত্যায় স্বামী ও তার প্রেমিকার মৃত্যুদণ্ড

পরকীয়া প্রেমের জের ধরে ঢাকার সাভারে এনজিওকর্মী শামীমা আক্তার হ্যাপি হত্যা মামলায় তার স্বামী মুকুল হোসেন মোল্লা ও তার প্রেমিকা লাভলী আক্তার নীলুফাকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2017, 07:11 PM

Updated : 19 Aug 2022, 06:04 PM

মঙ্গলবার ঢাকার জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামান পাঁচ বছর আগের এ হত্যা মামলার রায় ঘোষণা করেন।

রায়ের সময় আসামি মুকুল কাঠগড়ায় ছিলেন অনেকটাই নির্বিকার। অপর আসামি নীলুফা শুরু থেকেই পলাতক।

মামলার বিবরণে জানা যায়, ফরিদপুরের বোয়ালমারী থানার আব্দুল ওয়াজেদ মোল্লার ছেলে মুকুল সাভারে একটি প্যাকেজিং কারখানা চালাতেন। সাভারের মানবিক সাহায্য সংস্থার হিসাবরক্ষক হ্যাপির সঙ্গে পারিবারিকভাবে তার বিয়ে হয়।

২০১২ সালের ৮ জানুয়ারি মুকুল সাভার থানায় একটি জিডি করেন। যেখানে বলা হয়, তার স্ত্রীক খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে এ বিষয়ে পত্রিকায় নিখোঁজ সংবাদও ছাপা হয়।

এদিকে মুকুল জিডি করার দিনই কেরানীগঞ্জের আলিপুর ইটভাটার নিচ থেকে এক নারীর খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক গোলাম সারোয়ার একটি মামলা করেন।

হ্যাপির পরিবার তার স্বামীকে নিয়ে সন্দেহের কথা পুলিশকে জানালে মুকুলকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি স্ত্রীকে হত্যা করে লাশ তিন টুকরো করে ফেলে দেওয়ার কথা স্বীকার করেন। তার স্বীকারোক্তির ভিত্তিতে হ্যাপির লাশের আরও দুটি টুকরো উদ্ধার করে পুলিশ।

ওই বছর ২৮ জানুয়ারি আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মুকুল বলেন, নীলুফার সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। এর জের ধরেই ৭ জানুয়ারি নিজের কারখানায় তিনি ও নীলুফা মিলে শ্বাসরোধে হ্যাপিকে হত্যা করেন। পরে লাশ টুকরো করে কেরানীগঞ্জে ফেলে আসেন।

তদন্ত শেষে ২০১২ সালের ৩১ আগস্ট ওই দুই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। বিচার শুরুর পর এ মামলার ২৫ জন সাক্ষীর মধ্যে ২৩ জনের সাক্ষ্য শোনে আদালত।

আদালতের পেশকার নারায়ণ চন্দ্র সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামলাটির সাক্ষ্যগ্রহণ হয় ঢাকার ষষ্ঠ অতিরিক্ত জেলা ও দায়রা জজ। যুক্তিতর্কের সময় মামলাটি অন্য আদালতে বদলি হয়।