সিডও সনদ অনুসরণে নীতিমালা প্রণয়নের দাবি মহিলা পরিষদের
নারীর প্রতি সহিংসতা ও নির্যাতন বন্ধে সিডও সনদ অনুসরণ করে রাষ্ট্রীয় ও প্রশাসনিক আইন ও নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর- ১০ ডিসেম্বর) ও বিশ্ব মানবাধিকার দিবস পালন উপলক্ষে রোববার এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।
নারীর প্রতি সব ধরনের বৈষম্য বিলোপে ১৯৭৯ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ সিডও সনদ গ্রহণ করে। বাংলাদেশ এই সনদ অনুমোদন করলেও দুটি ধারার উপর সংরক্ষণ রেখেছে। ফলে সম্পত্তিতে নারীর সমঅধিকার এখনও স্বীকৃত হয়নি।
সংবাদ সম্মেলনে মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, “নারী নির্যাতন বন্ধে রাষ্ট্র, সরকার ও প্রশাসনকে প্রধান ও মূল ভূমিকা রাখতে হবে। আমরা বিভিন্ন স্বেচ্ছাসেবী ও এনজিও সংগঠন, এই কাজে সরকারকে সহায়তা করতে পারি মাত্র।
“এসব ঘটনার প্রতিরোধ করতে হলে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়কে সম্পূর্ণ আলাদা করতে হবে। আমরা ১০ বছর ধরে একই দাবি জানিয়ে আসছি। সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও চাকরির প্রশিক্ষণ কার্যক্রমের কারিকুলামে লিঙ্গ সংবেদনশীল পাঠ্যসূচি প্রণয়ন করতে হবে।”
মহিলা পরিষদ ‘যৌন নিপীড়ন ও ধর্ষণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোল : নারী-পুরুষের সমতাভিত্তিক মানবিক সমাজ, রাষ্ট্র গঠন কর’- এই স্লোগানকে সামনে রেখে ১৫ দিনব্যাপী নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন করতে যাচ্ছে।
আয়েশা খানম বলেন, “ধর্ষণ বন্ধ করতে রাষ্ট্রকে আপসহীন, ক্ষমাহীন, দ্রুত ও জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। শুধু প্রতিরোধ নীতি নয়, প্রতিরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করলে তবে দেশে উন্নয়ন ও গণতন্ত্র একইতালে চলতে পারবে।
“সেই সাথে শিক্ষাব্যবস্থা ও প্রশাসনকে লিঙ্গ সংবেদনশীল শিক্ষা দিতে হবে। ছেলে সন্তানদের পরিবার থেকেই শিক্ষা দিতে হবে এবং নারীর সতীত্ব সম্পর্কে সমাজের মানসিকতা পরিবর্তন করতে হবে।”
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদের পরিচালক মাকসুদা আক্তার।
২০১৭ সালে অক্টোবর পর্যন্ত গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে মহিলা পরিষদ সংবাদ সম্মেলনে জানায়, এই সময়ে বাংলাদেশে ১৭৩৭ জন নারী ধর্ষণ, গণধর্ষণসহ বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছেন।
এর মধ্যে ধর্ষিত হয়েছেন ১০৭৯ জন, উত্ত্যক্ত করা হয়েছে ২৫৫ জনকে, যৌন নিপীড়নের শিকার হয়েছেন ১৫৫ জন।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষে এবার জাতিসংঘের প্রতিপাদ্য বিষয়- ‘কেউ রবে না পিছে, নারী ও কন্যা-শিশুর নির্যাতন মুক্ত জীবন চাই’।
