২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারাগারেই থাকতে হচ্ছে মিনার চৌধুরীকে

ফেনীর আওয়ামী লীগ নেতা একরামুল হক হত্যা মামলায় বিএনপি নেতা মাহতাব উদ্দিন মিনার চৌধুরীকে দেওয়া হাই কোর্টের জামিন রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত রাখতে বলেছে আপিল বিভাগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2017, 10:33 AM

Updated : 19 Aug 2022, 06:03 PM

সেই সঙ্গে ফেনীর বিচারিক আদালতে আগামী চার মাসের মধ্যে এ মামলার নিষ্পত্তি করতে বলেছে সর্বোচ্চ আদালত।

হাই কোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি করে রোববার অস্থায়ী প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ বিচারকের আপিল বেঞ্চ এ আদেশ দেয়।

আদালতে মিনার চৌধুরীর পক্ষে শুনানি করেন শরিফউদ্দিন চাকলাদার। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তার সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদ হাসান চৌধুরী।।

২০১৪ সালের ২০ মে ফুলগাজী যাওয়ার সময় ফেনী শহরের একাডেমী এলাকায় একরামুলকে নিজের গাড়িতে গুলি চালানোর পর পুড়িয়ে হত্যা করা হয়।

নিহতের বড় ভাই রেজাউল হক জসিম ওই দিনই ফেনী জেলা তাঁতী দলের আহ্বায়ক মাহাতাব উদ্দিন আহম্মদ চৌধুরীর ওরফে মিনার চৌধুরীর নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৩০/৩৫ জনকে আসামি দেখিয়ে ফেনী মডেল থানায় হত্যা মামলা করেন।

মামলা হওয়ার পর ওই বছর ২৭ মে গোয়েন্দা পুলিশ ঢাকা থেকে মিনারকে গ্রেপ্তার করে। মাঝে একবার তিনি জামিনে কারাগার থেকে মুক্তিও পান।

তবে অভিযোগপত্র দেওয়ার পর নির্দেশনা মেনে আদালতে হাজির না হওয়ার তাকে আবারও গ্রেপ্তার করা হয়। অভিযোগ গঠনের মধ্য দিয়ে গত বছরের ১৫ মার্চ এ মামলার ৫৬ আসামির বিচার শুরু করে ফেনীর আদালত।

বিচার শুরুর আগেই গতবছর নভেম্বরে হাই কোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিলেন মিনার চৌধুরী। কিন্তু চলতি বছর মার্চে আপিল বিভাগ তা আতিল করে।

ছয় মাসের মধ্যে নিম্ন আদালতে এ মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়ে আপিল বিভাগের ওই আদেশে বলা হয়েছিল, ওই সময়ের মধ্যে বিচার শেষ না হলে হাই কোর্ট মিনার চৌধুরীর জামিনের বিষয়টি বিবেচনা করতে পারে।

সে অনুযায়ী মামলা নিষ্পত্তি না হওয়ায় গত অক্টোবরে ফের জামিন আবেদন করেন মিনার চৌধুরীর আইনজীবী। সে আবেদনের শুনানি করে হাই কোর্ট গত ২২ অক্টোবর ছয় মাসের জামিন মঞ্জুর করে।

হাই কোর্টের ওই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ চেম্বার আদালতে গেলে জামিন স্থগিত করে বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন বিচারক।

সে অনুযায়ী বিষয়টি রোববার আপিল বেঞ্চে এলে জামিন প্রশ্নে হাই কোর্টের রুল নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত তার জামিন স্থগিত রাখার আদেশ আসে সর্বোচ্চ আদালত থেকে।

পুরনো খবর:

ফেনীর মিনার চৌধুরীকে ফের জামিন
মিনার চৌধুরীর জামিন স্থগিত