২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিনার চৌধুরীর জামিন স্থগিত

ফেনীর আওয়ামী লীগ নেতা একরামুল হক হত্যা মামলায় বিএনপি নেতা মাহতাব উদ্দিন মিনার চৌধুরীকে দেওয়া হাই কোর্টের ছয় মাসের জামিন স্থগিত করেছে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2017, 07:50 PM

Updated : 19 Aug 2022, 05:52 PM

মিনার চৌধুরীর জামিন চার সপ্তাহের জন্য স্থগিত করে এ সময়ের মধ্যে তাকে নিয়মিত আপিল করতে বলা হয়েছে।

সোমবার সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ আদেশ দেন।

আদালতে মিনার চৌধুরীর পক্ষে শুনানি করেন মনসুরুল হক চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদ হাসান চৌধুরী।

এর আগে পাসপোর্ট জমা রাখার শর্তে গত ২২ অক্টোবর মিনার চৌধুরীকে ছয় মাসের জামিন দেয় বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি রাজিক আল জলিলের হাই কোর্ট বেঞ্চ।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদ হাসান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাই কোর্টের সে জামিন আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করলে তার শুনানি নিয়ে চেম্বার আদালত জামিন আদেশটি চার সপ্তাহের জন্য স্থগিত করেছে।”

মাসুদ হাসান চৌধুরী বলেন, “মামলাটি সাক্ষ্য গ্রহণের শেষ পর্যায়ে রয়েছে। দুই-একজনের সাক্ষ্য গ্রহণ বাকি আছে। এ পর্যায়ে আসামি জামিনে থাকলে বিচারকাজ বাধাগ্রস্ত হতে পারে। পরে আদালত মিনার চৌধুরী, শাহজালাল ও জিয়াউর রহমান বাপ্পীর জামিনও স্থগিত করে। এ দুই আসামিও হাই কোর্ট থেকে জামিন নিয়েছিলেন।”

মামলাটি ছয় মাসের মধ্যে নিষ্পত্তি না হলে তার জামিনের বিষয়টি বিবেচনা করতে বলে গত বছরের ২৪ নভেম্বর হাই কোর্টের দেওয়া ছয় মাসের অন্তবর্তী জামিন চলতি বছরের ১৯ মার্চ বাতিল করেছিল দেশের সর্বোচ্চ আদালত।

কিন্তু এই সময়ের মধ্যে মামলার বিচারিক কাজ শেষ না হওয়ায় গত ২২ অক্টোবর শর্ত সাপেক্ষে জামিন পান মিনার চৌধুরী।

২০১৪ সালের ২০ মে ফুলগাজী যাওয়ার সময় ফেনী শহরের একাডেমী এলাকায় একরামুলকে নিজের গাড়িতে গুলি চালানোর পর পুড়িয়ে হত্যা করা হয়।

নিহতের বড় ভাই রেজাউল হক জসিম ওই দিনই ফেনী জেলা তাঁতী দলের আহ্বায়ক মাহাতাব উদ্দিন আহম্মদ চৌধুরীর ওরফে মিনার চৌধুরীর নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৩০/৩৫ জনকে আসামি দেখিয়ে ফেনী মডেল থানায় হত্যা মামলা করেন।

মামলা হওয়ার পর ওই বছর ২৭ মে গোয়েন্দা পুলিশ ঢাকা থেকে মিনারকে গ্রেপ্তার করে। মাঝে একবার তিনি জামিনে কারাগার থেকে মুক্তিও পেলেও এখন তিনি কারাগারেই আছেন।

পুরনো খবর:

ফেনীর মিনার চৌধুরীকে ফের জামিন