২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষকের স্কেলের আঘাতে আঙ্গুল ছিঁড়েছে শিশুর

শ্রেণিকক্ষে ‘কথা বলায়’ স্টিলের স্কেল দিয়ে আঘাত করে পঞ্চম শ্রেণি পড়ুয়া এক ছাত্রের ‘আঙ্গুল ছিঁড়ে’ ফেলেছেন রাজধানীর মিরপুরের কসমো স্কুলের এক শিক্ষক; যে ঘটনা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

রিফাত রহমান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2017, 06:04 PM

Updated : 11 Oct 2022, 02:46 PM

আহত শিক্ষার্থী জুনায়েদ সিদ্দিকী মিরপুরের পল্লবী এলাকার কসমো স্কুল অ্যান্ড কলেজ থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষায় (পিইসি) অংশ নিচ্ছে।

গত ১৮ নভেম্বর পিইসি পরীক্ষা শুরুর আগের দিন ওই স্কুলের ইংরেজির শিক্ষক আখতারুজ্জামান মাসুম (শিক্ষার্থী ও অভিভাবকের কাছে ‘মাসুম স্যার’ নামে পরিচিত) এ ঘটনা ঘটান বলে জানান জুনায়েদের মা শামসিয়া মোস্তফা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “পিইসি পরীক্ষা শুরুর আগের দিন ইংরেজির শিক্ষক ‘মাসুম স্যার’ শিক্ষার্থীদের বিশেষ ক্লাস নেওয়ার উদ্দেশ্যে স্কুলে আসতে বলেন।

“ক্লাস চলাকালীন আমার ছেলে জুনায়েদ পাশের শিক্ষার্থীর সাথে কথা বলায় মাসুম তাকে ডেকে নিয়ে স্টিলের স্কেল দিয়ে হাতের তালুতে তিনবার আঘাত করেন। প্রচণ্ড আঘাতে জুনায়েদের বাম হাতের মধ্যমা প্রায় ছিঁড়ে যায়, সরু একটি শিরার কারণে পুরো আঙ্গুলটি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়নি।”

স্কেলের আঘাতে জুনায়েদের আঙ্গুল ছিঁড়ে রক্ত বের হতে থাকলেও ওই শিক্ষক তা বন্ধে কোনো ব্যবস্থা নিতে এগিয়ে আসেননি বলে অভিযোগ করেন তার মা শামসিয়া।

“আমার ছেলের আঙ্গুল থেকে যখন রক্ত বের হচ্ছিল, তখন শিক্ষক তাকে উল্টো শ্রেণিকক্ষ থেকে বেরিয়ে যেতে বলেন। পরে স্কুলের আয়ারা তাকে প্রিন্সিপালের কাছে নিয়ে যায় এবং হাসপাতালে নেওয়া হয়।”

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে এ ধরনের শাস্তির ঘটনায় ফেইসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ করে স্কুলে সন্তানরা শিক্ষকদের কাছ থেকে কী ধরনের আচরণ পায় সেবিষয়ে অভিভাবকদের খোঁজ রাখার আহ্বান জানান রেজওয়ানা ভূইয়া নামে একজন।

নিজেকে জুনায়েদের মায়ের বন্ধু পরিচয় দিয়ে ওই পোস্টে রেজওয়ানা লিখেন, “আমার বান্ধবী শামসিয়া মোস্তাফার ছেলে জুনাইদকে সামান্য কথা বলার ক্রাইমে (!!!!) স্কুলে স্যার অমানবিকভাবে পানিশমেন্ট দেন। শাস্তি হিসাবে জুনাইদকে স্টিলের রুলার দিয়ে হাতে আঘাত করা হয়, এতে জুনাইদের আঙ্গুল থেকে হাড্ডি মাংস আলাদা হয়ে যায়। চল্লিশ মিনিটের অপারেশন হয়।”

ঘটনার পরদিন এ অবস্থা নিয়েই জুনায়েদ পিএসসি পরীক্ষা দিচ্ছে জানিয়ে তার জন্য সবার কাছে দোয়া চান তিনি।

জুনায়েদের মা শামসিয়া মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চিকিৎসকরা জানিয়েছে, প্রচণ্ড আঘাতে ওর (জুনায়েদ) আঙ্গুলের মাংস ছিঁড়ে হাড় আলাদা হয়ে যায়, সেই সাথে আঙ্গুলের মাংসপেশিকে হাড়ের সাথে সংযুক্ত রাখা নন ইলাস্টিক কর্ড টেনডন ছিঁড়ে যায়।”

“প্রাথমিকভাবে আঙ্গুল জোড়া দেওয়া গেলেও পুরোপুরি সারতে অনেক সময় ও দীর্ঘমেয়াদী ফিজিওথেরাপি প্রয়োজন, যা বেশ খরচ সাপেক্ষ,” বলেন ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে চিকিৎসাশাস্ত্রে অধ্যয়নরত এই নারী।

শামসিয়া বলেন, “স্কুল থেকে প্রাথমিক চিকিৎসার খরচ দেওয়া হলেও আর কোনো ক্ষতিপূরণ দেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে।

“আমার ছেলে তার আঙ্গুল হারিয়েছে, এর কী কোনো ক্ষতিপূরণ নেই? আমি চাই আমার ছেলের মতো আর কোনো শিশুকে যেন এরকম পরিস্থিতির মধ্য দিয়ে না যেতে হয়।”

এদিকে এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে বরখাস্ত করা হয়েছে জানিয়ে চিকিৎসা ব্যয় হিসেবে আর কোনো ধরনের ক্ষতিপূরণ দেওয়া হবে না বলছেন কসমো স্কুলের প্রধান শিক্ষক মাহমুদুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমরা ঘটনার সঙ্গে জড়িত শিক্ষককে বরখাস্ত করেছি, আর কী ক্ষতিপূরণ দেব?”

আহত শিক্ষার্থীর মা শামসিয়া বলেন, মাসুম স্যারের নামে খারাপ ব্যবহার ও শিক্ষার্থী পেটানোর অভিযোগ বেশ পুরনো।

দীর্ঘদিন থেকে অভিযোগ থাকা সত্ত্বেও কিভাবে আখতারুজ্জামান মাসুম শিক্ষকতা চালিয়ে গেলেন এমন প্রশ্নের কোনো উত্তর দেননি কসমো স্কুলের প্রধান শিক্ষক মাহমুদুল হক।

জুনায়েদের আঘাতপ্রাপ্ত আঙ্গুলের ছবি দিয়ে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট এলায়েন্স অব বাংলাদেশ নামে একটি ফেইসবুক পেইজের পোস্টে লেখা হয়, “ছোট্ট একটা বাচ্চা, ক্লাস ফাইভে পড়ে; মিরপুরের কসমো স্কুলে পড়ে। ক্লাসে কথা বলেছিল বলে মাসুম নামের এক নামানুষ লোক (শিক্ষক বলতে পারলাম না) স্টিলের স্কেল দিয়ে মেরে বাহাতের আঙ্গুল হাড্ডিসহ আলাদা করে ফেলেছে। সিসিটিভি ফুটেজ আছে, আইনি প্রক্রিয়া নেওয়ার ব্যবস্থা চলছে।”

শিক্ষক মাসুমের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরুর বিষয়ে জানতে চাইলে জুনায়েদের মা শামসিয়া মোস্তফা বলেন, রোববার তার ছেলের পিইসি পরীক্ষা শেষ হওয়ার পর তারা থানায় মামলা করবেন বলে ভাবছেন।

তিনি বলেন, ঘটনার পর থানায় তার বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করতে গিয়েছিলেন। কিন্তু শিক্ষক মাসুম চাকরি হারানোর বিষয়টি তুলে ধরে জিডি না করতে অনুরোধ করেন।

নিজের সন্তান রয়েছে জানিয়ে মামলা বা জিডি হলে বিপদে পড়বেন বলে জানিয়ে আইনি ব্যবস্থা নেওয়া থেকে বিরত থাকতে অনুরোধ করেছিলেন মাসুম।

কিন্তু খোঁজ নিয়ে তার কোনো সন্তান নেই জানার পর মামলা করার কথা ভাবছেন বলে জানান শামসিয়া মোস্তফা।

এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষকের সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগ কথা বলার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। ফোনে সাংবাদিক পরিচয় দিয়ে ঘটনার বিষয়ে কথা বলতে চাইলে কল কেটে দেন তিনি। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।