২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিনা বিচারে বন্দিদের তালিকা চেয়ে কারা মহাপরিদর্শককে চিঠি

বিলম্বিত বিচার বা বিচারের দীর্ঘসূত্রতায় সাত বছরের বেশি সময় ধরে দেশের ৬৮টি কারাগারে আটকদের তালিকা চেয়ে কারা মহাপরিদর্শককে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2017, 06:35 PM

Updated : 19 Aug 2022, 05:59 PM

রোববার সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব ও সহকারী অ্যাটর্নি জেনারেল টাইটাস হিল্লোল রেমা স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য চাওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ‘সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি দেশের উচ্চ আদালতে সরকারি আইনি সেবা নিশ্চিতকরণে কাজ করে চলছে। নিম্ন আদালতে বিচারের জন্য প্রস্তুত হওয়া মামলাসমূহ সাক্ষ্যগ্রহণসহ নানাবিধ কারণে দীর্ঘ সময় ধরে অনিষ্পত্তি অবস্থায় রয়েছে। ফলে কার্যত সাজা হওয়ার পূর্বেই আটক বন্দি দীর্ঘদিন যাবৎ কারাভোগ করছেন।’

‘তাদের জন্য সরকারি আইনি সেবা নিশ্চিত করতে একটি পূর্ণাঙ্গ ও হালনাগাদ তালিকা প্রয়োজন’ উল্লেখ করে চিঠিতে আরও বলা হয়েছে, দেশের ৬৮ কারাগারের তালিকা পেলে লিগ্যাল এইড কিমিটির পক্ষে অসচ্ছল বন্দিদের আইনি সহায়তা দেওয়া সম্ভব হতো।

টাইটাস হিল্লোল রেমা পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিচারের দীর্ঘসূত্রতার কারণে সাত বছর বা সাত বছরের বেশি সময় ধরে দেশের ৬৮টি কারাগারে যারা বন্দি তাদের তালিকা চেয়ে কারা মহাপরিদর্শককে চিঠি দেওয়া হয়েছে।

“এর আগেও কারা মহাপরিদর্শকের কাছে এ সহযোগিতা আমরা চেয়েছি এবং পেয়েছি। গত বছরের ১৫ নভেম্বর অনুরূপ চিঠি দেওয়া হয়েছিল।”   

দেশের স্বল্প আয়ের ও অসহায় নাগরিকদের আইনি সেবা নিশ্চিত করার লক্ষ্যে ২০০০ সালে ‘আইনগত সহায়তা প্রদান আইন’ করা হয়। এই আইনের অধীনেই প্রতিষ্ঠা করা হয় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা। এই সংস্থার অধীনে সুপ্রিম কোর্টসহ দেশের ৬৪ জেলায় লিগ্যাল এইড কমিটি বিনামূল্যে আইনি সেবা নিয়ে কাজ করছে।

যদিও লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম শনিবার এক অনুষ্ঠানে বলেছেন, দেশের ৬৪ জেলার মধ্যে লিগ্যাল এইডের কমিটি থাকলেও মাত্র ২৮ জেলায় কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

পুরনো খবর:

বিনা বিচারে বন্দিদের ক্ষতিপূরণে আইন চান বিচারক
বিনা বিচারে আটকরা ক্ষতিপূরণ চাইতে পারেন: প্রধানমন্ত্রী