গ্রাফিক নভেল ‘মুজিব’ ইংরেজিতে এলো ঢাকা লিট ফেস্টে
বিশ্বের বিভিন্ন দেশের কবি-সাহিত্যিকদের নিয়ে ঢাকায় শুরু হওয়া লিট ফেস্টের মঞ্চে উন্মোচিত হল গ্রাফিক নভেল ‘মুজিব’র ইংরেজি সংস্করণ।
বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে বৃহস্পতিবার লিট ফেস্টের উদ্বোধনী অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করেন সিরিয়ার কবি আলী আহমদ সাঈদ আসবার, যিনি সাহিত্য অঙ্গনে কবি অ্যাডোনিস নামে পরিচিত।
বইটির প্রকাশক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিকও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
রাদওয়ান মুজিব সিদ্দিক বলেন, নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তুলে ধরার লক্ষ্য নিয়ে গ্রাফিক নভেল ‘মুজিব’র কার্যক্রম হাতে নেন তারা।
বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে গ্রাফিক নভেল ‘মুজিব’ মোট ১২ পর্বে প্রকাশিত হবে জানিয়ে বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানার ছেলে রাদওয়ান বলেন, “আমি যখন ছোট ছিলাম, তখন আমার স্কুলের বন্ধুদের কাছে নানার (বঙ্গবন্ধু) সম্পর্কে বিভিন্ন কথা বলতাম। কিন্তু তারা সে সময় তার সম্পর্কে কোথাও কিছু খুঁজে পেত না। ছয় বছরের একটা ছোট শিশুর জন্য বিষয়টা মোটেও স্বস্তিদায়ক ছিল না।
বঙ্গবন্ধুর দুই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মা শেখ রেহানার দৃষ্টিতে যাতে কোনো ত্রুটি ধরা না পড়ে সে বিষয়ে সতর্ক থেকে এই গ্রাফিক নভেল তৈরি করতে হয়েছে বলে জানান রাদওয়ান।
তিনি বলেন, “এমন বড় মাপের একজন ব্যক্তি সম্পর্কে গ্রাফিক নভেল তৈরির ক্ষেত্রে আমাদের বেশ সাবধান থাকতে হয়েছিল। এর সবচেয়ে ‘ক্রিটিকাল’ দুই পাঠক হলেন বঙ্গবন্ধুর দুই মেয়ে।
সৈয়দ রাশেদ ইমাম তন্ময় বলেন, “বিষয়টি স্বপ্নের মতো ছিল। এত বড় মাপের একজন মানুষকে আঁকতে গিয়ে, নিজস্ব আঁকার স্টাইল পরিবর্তন করতে হয়েছে। আমি সাধারণত কার্টুন চরিত্র আঁকতাম। কিন্তু এখানে বঙ্গবন্ধুর বিভিন্ন বয়সের ছবির সঙ্গে মিলিয়ে আঁকার চেষ্টা করেছি। এর জন্য দীর্ঘদিন কাজ করতে হয়েছে।”
গ্রাফিক নভেলের ইংরেজি সংস্করণ প্রকাশ করেছে ঢাকা ট্রান্সলেশন সেন্টার।
