২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান বিচারপতি নিয়োগ রাষ্ট্রপতির হাতে: আইনমন্ত্রী

রাষ্ট্রপতি নতুন কাউকে প্রধান বিচারপতির দায়িত্ব না দেওয়া পর্যন্ত বর্তমানে দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতেই ওই দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2017, 05:17 PM

Updated : 19 Aug 2022, 05:58 PM

আর সংবিধানে যেহেতু প্রধান বিচারপতি নিয়োগের কোনো সময়সীমা দেওয়া হয়নি, সেহেতু এ বিষয়টিও রাষ্ট্রপতির ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন তিনি।

বুধবার ঢাকার বারিধারায় মাদক প্রতিরোধ বিষয়ে এক অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিকদের প্রশ্নে প্রধান বিচারপতি নিয়োগ প্রসঙ্গে কথা বলেন আইনমন্ত্রী।

তিনি বলেন, “আমাদের সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতি যতক্ষণ পর্যন্ত নিযুক্ত না হচ্ছেন, ততক্ষণ পর্যন্ত রাষ্ট্রপতি অস্থায়ী বিচারপতি হিসেবে আপিল বিভাগের প্রবীণতম বিচারপতিকে নিয়োগ দিতে পারেন, এবং তিনি প্রধান বিচারপতির যা করণীয় সেটা করতে পারেন। সেক্ষেত্রে এখন যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন, তিনি ওই দায়িত্ব পালন করবেন, যতক্ষণ না রাষ্ট্রপতি নতুন প্রধান বিচারপতি নিযুক্ত করেন।”

প্রধান বিচারপতি এস কে সিনহা পদত্যাগ করায় কত দিনের মধ্যে নতুন প্রধান বিচারপতি নিয়োগ দিতে হবে- এমন প্রশ্নে আনিসুল হক বলেন, “সংবিধানে এমন কিছু লেখা নেই…। রাষ্ট্রপতির হাতে সময় আছে, উনি করবেন। আর কত দিনের মধ্যে নিয়োগ করবেন সেটা দেশের আইনমন্ত্রী জবাব দিতে পারবে না।”

ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে ক্ষমতাসীনদের তোপের মুখে গত ১৩ অক্টোবর ছুটিতে বিদেশে যান বিচারপতি সিনহা। সেই ছুটি শেষে গত শনিবার তার পদত্যাগপত্র পাওয়ার কথা জানায় বঙ্গভবন।

আর সেই পদত্যাগপত্র রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গ্রহণ করেছেন বলে মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান তার প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ২১ জন বিচারক প্রধান বিচারপতির পদে অধিষ্ঠিত হয়েছিলেন, তাদের মধ্যে বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাই প্রথম পদত্যাগ করেছেন।

ছুটি নিয়ে বিদেশ যাওয়ার পর তার বিরুদ্ধে দুর্নীতি, অর্থ পাচার, আর্থিক অনিয়ম ও নৈতিক স্খলনসহ সুনির্দিষ্ট ১১টি অভিযোগ ওঠার কথা সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়।

সর্বোচ্চ আদালত জানায়, ওই সব অভিযোগের ‘গ্রহণযোগ্য ব্যাখ্যা’ তিনি না দিতে পারায় সহকর্মীরা তার সঙ্গে এজলাসে বসতে নারাজ।

গত অক্টোবরে বিচারপতি সিনহা ছুটিতে যাওয়ার পর আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারক বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞাকে প্রধান বিচারপতির দায়িত্বভার দেন রাষ্ট্রপ্রধান মো. আবদুল হামিদ।

আইনমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী প্রধান বিচারপতি নিয়োগ দেওয়ার ক্ষমতা রাষ্ট্রপতির হাতে এবং তার একার এখতিয়ারে।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারক স্বল্পতার বিষয়ে প্রশ্ন করলে আইনমন্ত্রী বলেন, “এ বিষয়ে আপনাদের সাথে আমি একমত, এবং সেটাও রাষ্ট্রপতির দায়িত্ব। আমি মনে করি যে প্রধান বিচারপতি নিয়োগের পরপরই, আপিল বিভাগে বিচারপতির যে স্বল্পতা আছে, সেটা পূর্ণ করা হবে।”

বারিধারায় প্রত্যয় মেডিকেল ক্লিনিক প্রাঙ্গণে প্রতিষ্ঠানটির আয়োজনে মাদক প্রতিরোধ বিষয়ক এ অনুষ্ঠানে জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চিফ কন্সালট্যান্ট সৈয়দ ইমামুল হোসেন ও মেডিকেল ক্লিনিকের চেয়ারম্যান নাজমুল হক উপস্থিত ছিলেন।