বুধবার নবান্ন উৎসব
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ও ধানমণ্ডির রবীন্দ্র সরোবরের মুক্তমঞ্চে পহেলা অগ্রহায়ণ (বুধবার) নবান্ন উৎসব।
রোববার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে জাতীয় নবান্নোৎসব উদযাপন পর্ষদের আহ্বায়ক শাহরিয়ার সালাম জানান, ‘এসো মিলি সবে নবান্নের উৎসবে’ শ্লোগানে ওইদিন সকাল ৭টা ১ মিনিট চারুকলার বকুলতলায় অনুষ্ঠানের সূচনা করবেন প্রবীণ সাংবাদিক তোয়াব খান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, উৎসব আয়োজনে সহযোগী ল্যাবএইড ফাউন্ডেশনের চেয়ারম্যান এ এম শামীমসহ আরও অনেকে থাকবেন অনুষ্ঠানে।
উৎসবে নৃত্য, সঙ্গীত, আবৃত্তি, নবান্ন কথন, ঢাক-ঢোলের বাদন, যন্ত্রসঙ্গীত পরেবেশনা, ওয়ানগালা নৃত্য থাকবে বলে জানান শাহরিয়ার।
সকাল ৯টায় বকুলতলা থেকে নবান্ন শোভাযাত্রা বের করা হবে।
শাহরিয়ার সালাম বলেন, এবার নড়াইল থেকে নিখিল চন্দ্র ও তার দলের পটগান, নেত্রকোণার কেন্দুয়া থেকে দিলু রয়াতী ও তার দলের মহুয়ার পালা, মানিকগঞ্জের চান মিয়া ও তার দলের লাঠি খেলা, খুলনা থেকে ধামাইল গানের দল উৎসবে অংশ নেবে।
এছাড়া ঢাকার ৪৭টি সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি সংগঠন উৎসবে অংশ নেবে এবং অন্তত ৬০ জন একক শিল্পী সঙ্গীত ও আবৃত্তি পরিবেশন করবেন বলে আয়োজকরা আশা করছেন।
উৎসব প্রাঙ্গনে নবান্ন শীর্ষক আর্ট ক্যাম্পে প্রবীণ শিল্পী সমরজিৎ রায় চৌধুরী, আবদুল মান্নান, আবদুশ শাকুর শাহসহ ২০ জন বিশিষ্ট চিত্রশিল্পী অংশ নেবেন।
বিকালে বরীন্দ্র সরোবর মুক্তমঞ্চে থাকবে পটগান, মহুয়ার পালা, লাঠি খেলা ও সঙ্গীত।
