রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারের সঙ্গে চুক্তি ‘শিগগির’: পররাষ্ট্র সচিব
রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে মিয়ানমারের সঙ্গে ‘শিগগির’ চুক্তি হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক।
শনিবার বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) আয়োজিত ‘রোহিঙ্গা ক্রাইসিস: অপশন ফর বাংলোদেশ’ শিরোনামের এক আলোচনা সভার একথা বলেন তিনি।
পররাষ্ট্র সচিব বলেন, “চলতি মাসের শেষের দিকে পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমার সফরে যাবেন। এরপর দুই দেশের মধ্যে একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠিত হবে। এরপর রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে দুদেশের মধ্যে একটি চুক্তি হতে পারে।”
দীর্ঘদিন ধরে চার লাখের বেশি রোহিঙ্গার ভার বহন করে আসার পর সম্প্রতি আরও ছয় লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে আশ্রয় নেওয়ার পর তাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের প্রতি জোর আহ্বান জানায় বাংলাদেশ সরকার।
এসব আলোচনা থেকে রোহিঙ্গাদের ফেরাতে দুই দেশের মধ্যে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করার বিষয়ে দুই দেশ একমত হয় বলে গণমাধ্যমে জানায় সরকার।
আলোচনায় পররাষ্ট্র সচিব শহিদুল হক বলেন, “মিয়ানমারের সঙ্গে প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্ক বজায় রেখেই রোহিঙ্গা ইস্যু সমাধান করতে হবে। একইসঙ্গে একটি শান্তিপূর্ণ সমাধানে আমরা কাজ করে যাচ্ছি। একাজে সফল হব বলেও আমরা প্রত্যাশা করি।”
তিনি বলেন, “মিয়ানমার সরকার রোহিঙ্গাদের উপর জাতিগত নিধন অভিযান চালাচ্ছে, এটা আমরা সরাসরি বলতে চাই না। কিন্তু আমরা কোনোভাবেই এ পরিস্থিতি সৃষ্টির জন্য দায়ী নই। শুধুমাত্র মানবিক সহায়তায় এগিয়ে এসেছি। তবে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ একটি সহানুভূতিশীল (রেসপনসিভ) দেশ হতে চায়।”
রোহিঙ্গা সঙ্কটের শুরু থেকেই আন্তর্জাতিক মহলের সঙ্গে বাংলাদেশ কাজ করে যাচ্ছে জানিয়ে শহিদুল হক বলেন, “বাস্তব পরিস্থিতি দেখার জন্য আমরা সবাইকে বাংলাদেশে আসার ব্যবস্থা করছি। মিয়ানমারের সেনাবাহিনী এখনো পর্যন্ত আনান কমিশনের প্রতিবেদন গ্রহণ করেনি।
গুলশানের খাজানা গার্ডেনিয়া বেনক্যুয়েট হলে এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিপিডি চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান।
অতিথির বক্তব্যে অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলেন, “যখন কোনো জাতি ধংস করার উদ্দেশ্যে গণহত্যা পরিচালিত হয়, তখন এটা আর দুই দেশের ইস্যু থাকে না। বিষয়টা তখন আন্তর্জাতিক ইস্যু হয়ে যায়। রোহিঙ্গাদের শরণার্থী (রিফিউজি) বলতে হবে এবং অবশ্যই তাদের ফিরিয়ে নিতে হবে।”
এজন্য চীন, রাশিয়া ও ভারতে শক্তিশালী প্রতিনিধি দল পাঠানোর পরামর্শ দেন তিনি।
মিয়ানমারে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত অনুপ কুমার চাকমা বলেন, “আমাদের মাথায় রাখতে হবে যে, মিয়ানমারে চীনের ব্যবসায়িক স্বার্থ রয়েছে। শুধুমাত্র কাচিনের একটি হাইড্রো পাওয়ার প্রজেক্টেই ৩ দশমিক ৬ বিলিয়ন ডলারের বিনিয়োগ রয়েছে।
“এছাড়া থাইল্যান্ড ও সিঙ্গাপুরের বিনিয়োগ রয়েছে। মূলত তাদের বিনিয়োগ বাঁচাতেই এসব দেশ মিয়ানমারের বিরুদ্ধে প্রতিবাদ করছে না।”
সেমিনারে ব্র্যাকের নির্বাহী পরিচালক মোহাম্মদ মুসা বলেন, “যেসব দেশ মিয়ানমারের পক্ষে অবস্থান নিয়েছে, সেসব দেশের সঙ্গে বাংলাদেশেরও ভাল সম্পর্ক রয়েছে। এসব দেশে শক্তিশালী প্রতিনিধি দল পাঠিয়ে তাদের বুঝাতে হবে।”
তিনিও ভারত, চীন ও রাশিয়ায় প্রতিনিধি দল পাঠানোর ওপর গুরুত্বারোপ করেন।
সভায় সাবেক পররাষ্ট্র সচিব ফারুক সোবহান বলেছেন, “বাংলাদেশ ও মিয়ানমার অনেকগুলো অর্থনৈতিক জোটে জড়িত। তাই বাংলাদেশ চাইলেও অনেক কিছু করতে পারে না।”
রোহিঙ্গা ভিত্তিক উগ্রপন্থি গ্রুপ আরসা (এআরএসএ) মিয়ানমার সেনাবাহিনীর সৃষ্টি বলে মনে করেন তিনি।
সভাপতির বক্তব্যে রেহমান সোবহান বলেন, “ভারতীয় উপমহাদেশে জাতিগত সমস্যা দীর্ঘদিনের। সেনাবাহিনী এসব ইস্যু জিইয়ে রাখে, তারাই এর সিদ্ধান্ত নেয়। তাদের হাতেই এর চূড়ান্ত সমাধান রয়েছে। তবে জাতিগত নিধন বন্ধে সর্বোচ্চ চেষ্টা করতে হবে।”
এর আগে অনুষ্ঠানে মূল প্রবন্ধে সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, “চলতি বছরের সেপ্টেম্বর থেকে আগামী বছরের জুন পর্যন্ত রোহিঙ্গাদের জন্য ৭ হাজার ১২৬ কোটি টাকার প্রয়োজন। এটা আমাদের চলতি বাজেটের প্রায় ১ দশমিক ৮ শতাংশ। দেশের মোট রাজস্ব আয়ের ২ দশমিক ৫ শতাংশ এবং আমাদের সামাজিক নিরাপত্তা কর্মসূচির ১৩ শতাংশেরও বেশি।”
রোহিঙ্গা সঙ্কট দীর্ঘ মেয়াদি হলে তা বাংলাদেশের অর্থনীতিতে বিশাল চাপ সৃষ্টি করবে পর্যবেক্ষণ দিয়ে তিনি বলেন, তাই রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে বাধ্য করতে ছয়টি প্রস্তাব করে সিপিডি।
এর মধ্যে ‘বিমসটেক’ ও ‘বিসিআইএম’ এর মতো আঞ্চলিক জোটের মাধ্যমে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ করা, অতিরিক্ত আঞ্চলিক জোট যেমন ‘আসিয়ান’ এর মতো জোটকে জড়িত করে সমস্যা সমাধানে কাজ করা রয়েছে।
এছাড়া রোহিঙ্গাদের জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনা গ্রহণ করে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে সম্পদের যোগানের ব্যবস্থা করা, জেনেভা বৈঠক পরবর্তী ফলো-আপ মিটিং করে অর্থ সংগ্রহে এখনই প্রস্তুতি নেওয়া এবং বিশ্বব্যাংকের মতো দাতা সংস্থার কাছ থেকে রোহিঙ্গাদের জন্য শুধুমাত্র অনুদান হিসেবে সহায়তা সংগ্রহ এবং রোহিঙ্গা ও দেশের দক্ষিণাঞ্চলের নিরাপত্ত ব্যবস্থা জোরদার করতে হবে।
