সড়কে পানি ছিটাতে ঢাকা দক্ষিণে ৯টি ওয়াটার বাউজার
সড়কের ধুলাবালি নিয়ন্ত্রণে নয়টি ওয়াটার বাউজার নামিয়েছে (পানি ছিটানোর গাড়ি) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
এসব গাড়ি দিয়ে প্রতিদিন রাজধানীর বিভিন্ন এলাকার ৫০ কিলোমিটার সড়কে পানি ছিটানো হবে। এ কার্যক্রম চলবে আগামী মে মাস পর্যন্ত।
বরাবরের মতো এবারও শুষ্ক মৌসুমের শুরুতে ঢাকার রাস্তায় ধুলাবালির কারণে মানুষকে নাকাল হতে হচ্ছে।
এ কারণে পানি ছিটানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মেয়র সাঈদ খোকন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশেষ করে বয়স্ক ও শিশুদের শ্বাসকষ্ট হয়। তাই শুষ্ক মৌসুমে রাস্তায় পানি ছিটানোর সিদ্ধান্ত নিয়েছি।
“প্রতিদিন দু্ইবার পানি ছিটানো হবে। সকাল ৬টা থেকে ৮টা এবং অফিস ছুটি হওয়ার আগে বেলা ১টা থেকে ৩টা পর্যন্ত।”
পুরান ঢাকার গলিগুলোতে পানির গাড়ি ঢোকানো যাবে না বলে এসব এলাকার রাস্তাগুলো ভালোভাবে ঝাড়ু দিতে পরিচ্ছন্নতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে বলে মেয়র জানান।
তিনি বলেন, ‘দক্ষিণ সিটি করপোরেশনের আয়তন অনেক বড়। এটাকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও সুন্দর রাখতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
“ঢাকা উত্তর সিটি করপোরেশন যদি আমাদের কোনো সহযোগিতা চায় আমরা দেব। প্রয়োজন হলে আমরাও তাদের সহযোগিতা নেব। দুই সিটি করপোরেশন মিলেমিশে এই শহরটাকে সুন্দর ও বাসযোগ্য নগরী করতে চাই।”
পানি ছিটানোর এ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসির বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
নতুন চালু হওয়া এ নয়টি গাড়ির সঙ্গে আরও ৫টি গাড়ি যোগ হবে বলে জানিয়েছেন সিটি করপোরেশনের কর্মকর্তারা।
