একাত্তরের পরের ৪৬ বছর পশ্চাদপসারণের ইতিহাস: আনিসুজ্জামান
ধর্মনিরপেক্ষতা ও রাষ্ট্রধর্ম কীভাবে সহাবস্থান করে সেই প্রশ্ন তুলে অধ্যাপক আনিসুজ্জমান বলেছেন, ১৯৭১ এর পূর্ববর্তী ২৪ বছরের সংগ্রাম ও অর্জনের সঙ্গে তুলনা করলে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী ৪৬ বছর পশ্চাদপসারণ ও বিসর্জনের ইতিহাস।
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বাঙলার পাঠশালার পক্ষ থেকে দেওয়া এক সম্মাননা অনুষ্ঠানে একথা বলেন তিনি।
আনিসুজ্জামান বলেন, “১৯৭৭ সালে সামরিক আইনের অধীন ঘোষণাবলে সংবিধানের যে সংশোধনী আনা হয়েছিল, তাতে রাষ্ট্রপরিচালনার মূলনীতিতে গণতন্ত্রের গায়ে হাত পড়েনি, তবে সমাজতন্ত্রের পরে যুক্ত হয়েছিল ‘অর্থাৎ অর্থনৈতিক ও সামাজিক সুবিচার’। তারপর আমরা এটি বজায় রেখেই প্রথমে বিরাষ্ট্র্রীয়করণের পথ ধরলাম এবং পরে মুক্তবাজার অর্থনীতি প্রবর্তন করলাম।
“এখন আর যাই হোক ‘অর্থনৈতিক ও সামাজিক সুবিচার’ আমাদের লক্ষ্য নয়। অর্থনৈতিক প্রবৃদ্ধি আমাদের খুবই কাম্য, কিন্তু সম্পদের সুষম বণ্টনের প্রশ্নটি আমরা অর্থনৈতিক অগ্রগতির প্রতিবন্ধক হিসেবে বিবেচনা করছি যেন।”
তিনি বলেন, “এখন মাঝে মধ্যে ১৯৭২ সালের সংবিধানে ফিরে যাওয়ার দাবি ওঠে। সংবিধানের সংশোধনীর দ্বারা ১৯৭২ সালের রাষ্ট্র্রপরিচালনার মূলনীতি ফিরিয়ে আনা হয়েছে বটে, কিন্তু ইসলাম রাষ্ট্রধর্ম রয়ে গেছে। ধর্মনিরপেক্ষতা ও রাষ্ট্রধর্ম কীভাবে সহাবস্থান করতে পারে, তা আমাদের বোধগম্য নয়।”
আনিসুজ্জামান
“আজ মনে হয়, ১৯৭১ থেকে আমরা দূরে, বহু দূরে চলে এসেছি এবং ১৯৭১ এর পূর্ববর্তী ২৪ বছরের সংগ্রাম ও অর্জনের ধারার সঙ্গে তুলনা করলে তার পরবর্তী ৪৬ বছরের ধারাকে পশ্চাদপসারণ ও বিসর্জনের ইতিহাস বলতে হবে।”
সুলতানা কামাল
তিনি বলেন, “পাঁচজন দুর্বৃত্ত সমাজের যে ক্ষতি করতে পারে, পাঁচ হাজার মানুষ যারা কাজ করতে চায় তারা যখন চুপ করে থাকে তখন আরও ক্ষতি হয়। আপনারা তরুণরা চিন্তা করুণ কেমন বাংলাদেশ দেখতে চান। তরুণদের সিদ্ধান্ত নিতে হবে তারা কেমন বাংলাদেশ দেখতে চায়।”
রেহমান সোবহান
“সংবিধান যেটা আমাদের এসেছে সেটা আমাদের মুক্তিযুদ্ধের ফসল। বঙ্গবন্ধু ও তার সহকর্মীরা যখন সংবিধান রচনার বিষয়ে আলোচনা করছিলেন এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনায় আমাদের নির্দেশনা দিচ্ছিলেন তখন আমাদের বলা হয়েছিল, যে মানুষের রক্ত দিয়ে স্বাধীনতা এসেছে সেই সাধারণ মানুষের জন্যই আমাদের পরিকল্পনা করতে হবে।”
অধ্যাপক আনিসুজ্জামানকে নিয়ে তিনি বলেন, “পুরো দেশ যদি ভোট করে একটি লোককে অ্যাওয়ার্ড দিতে পারে সেটা হবে আনিস। পুরো জীবন উনি শিক্ষক, বুদ্ধিজীবী, সৎ মানুষ। এগুলো রেয়ার কোয়ালিটি।”
জামিলুর রেজা চৌধুরী
অধ্যাপক আনিসুজ্জামানের প্রংশসা করে তিনি বলেন, “নীতির প্রশ্নে অধ্যাপক আনিসুজ্জমান অটল। এমন মানুষ বর্তমানে খুঁজে পাওয়া যায় না।”
