২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লার সিভিল সার্জনকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি

জমজের একজনকে পেটে রেখে অস্ত্রোপচার শেষ করার ঘটনায় কুমিল্লার সিভিল সার্জনকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিলেও সংশ্লিষ্ট চিকিৎসক ও ক্লিনিক মালিককে আবার আসতে হচ্ছে উচ্চ আদালতে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2017, 07:13 PM

Updated : 19 Aug 2022, 05:55 PM

মঙ্গলবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাই কোর্ট বেঞ্চ পরবর্তি শুনানির জন্য ১৬ নভেম্বর দিন রেখে এ আদেশ দেয়।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন আইনজীবী মাহফুজুর রহমান মিলন। লাইফ হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের মালিকের পক্ষে ছিলেন আব্দুল মতিন খসরু, অস্ত্রোপচারকারী চিকিৎসক হোসনে আরা বেগমের পক্ষে ছিলেন এ কিউ এম সোহেল রানা। এছাড়া রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।

পরে আইনজীবী মিলন সাংবাদিকদের বলেন, সংবাদ মাধ্যমে প্রকাশের পরপরই ঘটনা তদন্তে কুমিল্লার সিভিল সার্জন তিন সদস্যের একটি কমিটি গঠন করেছিলেন। ওই কমিটি একটি প্রতিবেদনও দিয়েছে। প্রতিবেদনটি বর্তমানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে আছে।

“সেটি উনাকে আগামী ১৫ নভেম্বরের মধ্যে আদালতে দাখিল করতে বলা হয়েছে।”

এ আইনজীবী বলেন, “কুমিল্লার সিভিল সার্জনকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিলেও চিকিৎসক ও ক্লিনিক মালিককে পরবর্তী শুনানিতে থাকতে বলা হয়েছে। এছাড়া সম্ভব হলে ভিকটিম অথবা তার পরিবারের কাউকে হাজির করাতেও বলেছে আদালত।”

আইনজীবী মিলন বলেন, কুমিল্লার সিভিল সার্জনের ব্যাখ্যা অনুযায়ী লাইফ হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের কোনো লাইসেন্স নেই। এ কারণে তা ২০১৪ সালে বন্ধ করে দেওয়া হয়েছিল। ফলে ক্লিনিকটি অনুমোদনহীনভাবেই চলছিল।

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন নজরে আনার পর গত ২৯ অক্টোবর কুমিল্লার গৌরীপুরের ‘লাইফ হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের’ মালিক, অস্ত্রোপচারকারী চিকিৎসক শেখ হোসনে আরার সঙ্গে কুমিল্লার সভিল সার্জনকেও ৭ নভেম্বর আদালতে হাজির হয়ে ঘটনার ব্যাখ্যা দিতে বলে আদলত।

সরকারি মালিগাঁও হাসপাতালের সহকারী সার্জন হোসনে আরা তার ব্যক্তিগত প্রতিষ্ঠান ‘লাইফ হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে’ খাদিজা আক্তার (১৮) নামে এক প্রসূতির জমজ সন্তানের একজনকে ভূমিষ্ঠ করিয়ে আরেকজনকে পেটে রেখেই অস্ত্রোপচার শেষ করেন বলে গণমাধ্যমে খবর আসে।

খাদিজার মা আমেনা বেগমের অভিযোগ, গত ১৮ সেপ্টেম্বর হোসনে আরা তার মেয়ের অস্ত্রোপচার করেন। তার গর্ভে দুটি সন্তান থাকলেও অস্ত্রোপচার করে তিনি একটি সন্তান ভূমিষ্ঠ করান; আরেকটি সন্তানকে টিউমার বলে অপারেশনের কাজ শেষ করেন।

এরপর আমেনা এক মাস ধরে খাদিজাকে নিয়ে বিভিন্ন চিকিৎসকের কাছে ছুটোছুটি করেন। পরে হোমনার একটি ক্লিনিকে আলট্রাসনোগ্রাম করলে চিকিৎসক জানান, খাদিজার পেটে টিউমার না, আরেকটি সন্তান রয়েছে। পরে তারা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে ঘটনাটি প্রকাশের পর দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মো. জালাল হোসেন চিকিৎসক হোসনে আরাকে কারণ দর্শানোর নোটিস পাঠান। গঠন করেন তিন সদস্যের তদন্ত কমিটি।

প্রাথমিক তদন্তের পর ‘লাইফ হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারটি’ সিলগালা করে দেওয়ার কথা সিভিল সার্জন মুজিবুর রহমান জানিয়েছিলেন।

পুরনো খবর:

পেটে শিশু রেখে সেলাই: কুমিল্লার সেই চিকিৎসককে হাই কোর্টে তলব
যমজ সন্তানের একজনকে পেটে রেখেই সেলাই