চোরাই সোনার সঙ্গে ‘জড়িত’ বিমানকর্মী গ্রেপ্তার
ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চোরাই সোনা পাচারে সহায়তা করায় শুল্ক গোয়েন্দাদের হাতে ধরা পড়েছেন বিমানের এক কর্মী।
শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান মঙ্গলবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বিকালে রিয়াদ থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে (বিজি ০৪০) আসা এক যাত্রীকে স্বর্ণ চোরাচালানে সহায়তা করায় বিমানের ওই নিরাপত্তা কর্মীকে আটক করা হয়।
দুজনের কাছে শুল্ক গোয়েন্দা দল ৭৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার করে বলে জানান মইনুল খান, যার বাজার মূল্য প্রায় ৫০ লাখ টাকা।
আটক বিমানকর্মীর নাম জাকারিয়া। তিনি ও ওই যাত্রীকে জিজ্ঞাসাবাদ করছেন শুল্ক গোয়েন্দারা।
এর আগেও শুল্ক গোয়েন্দারা বিমানের একজন সুপারভাইজারকে স্বর্ণসহ আটক করেছিল।
এদিকে মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম থেকে আসা বিমানের একটি ফ্লাইটের যাত্রীর কাছ থেকে প্রায় আধা কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে বলে মইনুল খান জানান।
তিনি বলেন, আবদুল মান্নান নামের ওই যাত্রীর জুতার সোলের নিচে এই সোনার বারগুলো লুকানো ছিল।
মান্নানের কাছে চারটি সোনার বার পাওয়া যায়, সব মিলয়ে যার ওজন ৪৬৪ গ্রাম, এর বাজার মূল্য ২৪ লাখ টাকার মতো।
বিমানের ফ্লাইটটি মাস্কাট থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসে। শুল্ক গোয়েন্দাদের ধারণা, মাস্কাট থেকে আসা কোনো যাত্রী থেকে এই সোনা হস্তান্তর করা হয়েছে।
