শাহজালালে সোনা চোরাচালানের সময় বিমান কর্মীসহ আটক ২
সোনা চোরাচালানে জড়িত অভিযোগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের ট্রাফিক বিভাগের এক গ্রাউন্ড সার্ভিস সুপারভাইজারসহ দুইজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।
আটকরা হলেন, বিমানের ট্রাফিক বিভাগের গ্রাউন্ড সার্ভিস সুপারভাইজার ওমর ফারুক ও কাজী কামরুল ইসলাম নামে এক বিমান যাত্রী। কামরুলের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
শনিবার ভোরে বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয় বলে শুল্ক গোয়েন্দা বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, ভোর সাড়ে ৪টার দিকে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কামরুল ঢাকায় আসেন।
বোর্ডিং ব্রিজ পার হওয়ার সময় তার সঙ্গে থাকা এক কেজি ২০০ গ্রাম সোনা বিমান কর্মী ফারুকের কাছে হস্তান্তর করেন তিনি। এ সময় আগে থেকে অবস্থান নেওয়া শুল্ক গোয়েন্দার দল দুজনকেই হাতেনাতে ধরে ফেলে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
