২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমপি রানার ‘রিভিশন’ খারিজ

মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায় অভিযোগ গঠন বাতিল চেয়ে টাঙ্গাইল-৩ আসনের সরকারদলীয় এমপি আমানুর রহমান খান রানার ‘রিভিশন’ আবেদন ‘উত্থাপিত হয়নি’ মর্মে খারিজ করে দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2017, 04:38 PM

Updated : 19 Aug 2022, 05:55 PM

বিচারপতি মো. শওকত হোসেন ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের হাই কোর্ট বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেয়।

আদালতে এমপি রানার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট হেদায়েত কবির খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহিদ সরোয়ার কাজল।

পরে কাজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টাঙ্গাইলের জজ আদালতে গত ৬ সেপ্টেম্বর এমপি রানার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এরপর গত ২৯ অক্টোবর অভিযোগ গঠন বাতিল চেয়ে চেয়ে হাই কোর্টে আবেদন করেন রানা।

“সে আবেদনটি মঙ্গলবার শুনানির জন্য এলে তা উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে আদালত।”

আওয়ামী লীগের টাঙ্গাইল জেলা কমিটির সদস্য ফারুক আহমেদকে ২০১৩ সালের ১৮ জানুয়ারি গুলি চালিয়ে হত্যা করা হয়। ওই মামলায় টাঙ্গাইল- ৩ (ঘাটাইল) আসনের এমপি রানাকে প্রধান আসামি করে এবং তার তিন ভাইসহ মোট ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আবুল মনসুর মিয়া গত ৬ সেপ্টেম্বর রানা, তার তিন ভাইসহ ১৪ আসামির বিরুদ্ধ অভিযোগ গঠন করে ফারুক হত্যার বিচার শুরু করেন। এমপি আমানুর রহমান খান রানা বর্তমানে কারাগারে আছেন।