ঢাবি প্রক্টরের পক্ষে মানববন্ধন, লাঞ্ছনার বিচার দাবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সরকার সমর্থক শিক্ষকদের নীল দলের সভায় মারামারিতে জড়িত থাকার অভিযোগ তুলে প্রক্টরের অপসারণ চেয়ে একাংশের মানববন্ধনের একদিন বাদেই তার পক্ষে পাল্টা কর্মসূচি পালন করেছে দলের অপর অংশ।
সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজ’ ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তারা প্রক্টরকে লাঞ্ছিত করার অভিযোগ এনে তার বিচার চেয়েছেন।
গত বৃহস্পতিবার নীল দলের এক সভায় মারামারিতে জড়িয়ে পড়েন সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ও বর্তমান উপাচার্য মো. আখতারুজ্জামানের সমর্থকরা। তখন আরেফিন সমর্থক জামাল উদ্দিনের উপর প্রক্টর গোলাম রব্বানীসহ তিনজন হামলা করেন বলে অভিযোগ উঠেছে।
এই ঘটনায় প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানীকে অপসারণের দাবিতে নীল দলের আহ্বায়ক অধ্যাপক আব্দুল আজিজের নেতৃত্বে রোববার ক্যাম্পাসে মানববন্ধন হয়।
এর পাল্টায় ওইদিন প্রক্টরকে শারীরিকভাবে আক্রমণ করার প্রতিবাদে নীল দলের সাবেক আহ্বায়ক অধ্যাপক মুহাম্মদ সামাদের সভাপতিত্বে সোমবার মানববন্ধন করে দলের অপর অংশ।
মানববন্ধনে অধ্যাপক সামাদ বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা রক্ষা করা সকলের দায়িত্ব। বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি অধ্যাপক ড. আখতারুজ্জামানকে উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকাণ্ড এগিয়ে যাচ্ছে।
“একটি মহল পরিকল্পিতভাবে বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার চেষ্টায় লিপ্ত। আমাদের মাঝে দ্বিমত থাকবে তবে শিক্ষার মান সমুন্নত রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
সেদিনের ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “এই ঘটনার মধ্য দিয়ে তাদের যে বঞ্চনার বহিঃপ্রকাশ, সেইদিনের অশালীন ঘটনাকে সমর্থন করার যে প্রয়াস, এটাকে নিন্দা জানাই। গতকাল তারা যদি মানববন্ধন না করত তাহলে আজ আমরা মানববন্ধন করতাম না।”
“বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক পদ প্রক্টর, এই প্রক্টরের উপর আক্রমণ ও তাকে লাঞ্ছিত করা হয়। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জানাচ্ছি।”
তিনি সেদিনের ঘটনা নিয়ে মিথ্যাচারের নিন্দা জানান এবং গণমাধ্যমকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার আহ্বান জানান।
মানববন্ধনে সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন সাদেকা হালিম বলেন, “নীলদলের সভায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। সভায় বির্তক থাকবে এটি স্বাভাবিক। কিন্তু সেটিকে সুন্দরভাবে পরিবেশন করতে হবে। কিন্তু সেদিনের ঘটনা নিয়ে মিথ্যাচার করা হচ্ছে যেটি বিশ্ববিদ্যালয়ের জন্য ভাল নয়।”
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ হুমায়ুন কবিরের সঞ্চালনায় মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. আবদুর রহিম ও সাবেক প্রক্টর সাইফুল ইসলাম খান।
