২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি প্রক্টরকে অপসারণের দাবিতে কর্মসূচিতে নীলের একাংশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগ সমর্থক শিক্ষকদের নীল দলের সভায় মারামারিতে জড়িত থাকার অভিযোগ ওঠায় প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানীকে অপসারণের দাবি উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2017, 10:00 PM

Updated : 19 Aug 2022, 05:54 PM

রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্র-শিক্ষক শিক্ষক ব্যানারে আয়োজিত এক মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়।

অধ্যাপক আ ক ম জামাল উদ্দিনের উপর হামলার প্রতিবাদে এই মানবন্ধনের উদ্যোক্তা ছিল নীল দলের শিক্ষকদের একাংশ।

নীল দলের আহ্বায়ক অধ্যাপক আব্দুল আজিজ, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক এ জে এম শফিউল আলম ভূইঁয়া, বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সহিদ আকতার হোসাইন, বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর অধ্যাপক আমজাদ আলী, সহকারী প্রক্টর অধ্যাপক ফজলুর রহমান, বাংলা বিভাগের অধ্যাপক বায়তুল্লাহ কাদেরী, কবি সুফিয়া কামাল হলের প্রাধ্যক্ষ সাবিতা রেজওয়ানা রহমান, শামসুন্নাহার হলের প্রাধ্যক্ষ সুপ্রিয়া সাহা এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আবুল মনসুর আহাম্মদ এই কর্মসূচিতে ছিলেন।

গত বৃহস্পতিবার নীল দলের এক সভায় মারামারিতে জড়িয়ে পড়েন সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ও বর্তমান উপাচার্য মো. আখতারুজ্জামানের সমর্থকরা। তখন আরেফিন সমর্থক জামাল উদ্দিনের উপর প্রক্টর গোলাম রব্বানীসহ তিনজন হামলা করেন বলে অভিযোগ উঠেছে।

Image
প্রক্টর এ কে এম গোলাম রব্বানী

প্রক্টর এ কে এম গোলাম রব্বানী

মানববন্ধনে নীল দলের আহ্বায়ক আব্দুল আজিজ বলেন, “এই ধরনের ঘটনা আসলেই লজ্জাজনক। শিক্ষক সমাজ যারা জাতির বিবেক হিসেবে পরিচিত, তারা ছাত্র ছাত্রীদের সামনে তাদের আচরণের দ্বারা যা প্রকাশ করেছে, তা আমাদের সম্মানকে প্রশ্নবিদ্ধ করে।

“এ ঘটনাটি আমার চোখের সামনে ঘটছে, এঘটনায় আমি লজ্জিত এবং দুঃখিত।”

এই ঘটনায় জড়িতদের দৃশ্যমান শাস্তির দাবি জানিয়ে তিনি বলেন, “উপাচার্য আমাদেরকে বিচারের আশ্বাস দিয়েও বিচার করেনি, তাকে দৃশ্যমান কিছু করতে হবে।”

তবে উপাচার্যের উপর নিজেদের আস্থা রাখার কথা বলেন অধ্যাপক আজিজ।

অধ্যাপক শফিউল আলম বলেন, “এ ঘটনায় এতটাই লজ্জিত যে জনসম্মুখে কিছু বলতে চাই না। গণমাধ্যম ও সামাজিক মাধমে এই ঘটনা নিয়ে শিক্ষকদের নিয়ে যেসব প্রতিক্রিয়া এসেছে, তা দেখেও আমি লজ্জিত, ক্ষুব্ধ ও হতবিহ্বল।

“এটাকে উপাচার্য আখতারুজ্জামান ও সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের গ্রুপের দ্বন্দ্ব হিসেবে দেখাবে যাবে না। কারণ আরেফিন সিদ্দিক আমাদের নেতা ছিলেন, এখন আখতারুজ্জামানও আমাদের নেতা। যারা এটাকে আরেফিন সিদ্দিকপন্থি ও আখতারুজ্জামানপন্থি হিসেবে চিহ্নিত করতে চায়, তারা আসলে নীল দলকে ভাঙতে চায়।”

অধ্যাপক জামাল উদ্দিন বলেন, “উপাচার্য ওয়াদা করেছিলেন অসৌজন্যমূলক এই আচরণের পেছনে দায়ীদের বিরুদ্ধে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেবেন, কিন্তু তা করা হয়নি।”

প্রক্টর গোলাম রব্বানী ছাত্রজীবনে ছাত্রদলে যুক্ত ছিলেন বলে দাবি করেন অধ্যাপক জামাল। তবে তার এই বক্তব্যের বিষয়ে অধ্যাপক রব্বানীর কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এদিকে প্রক্টরকে শারীরিক আক্রমণের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ ব্যানারে সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে মানবন্ধনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

এ বিষয়ের বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহাম্মদ সামাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক পদে থাকা প্রক্টরকে প্রথমে আক্রমণ করেছে শিক্ষক জামাল উদ্দিন।

“তবে এঘটনাকে পত্রপত্রিকায় ভুলভাবে উপস্থাপনা করা হচ্ছে, এটা অনাকাঙ্ক্ষিত। এই ঘটনার প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করেছি।”

পুরনো খবর:

ঢাবি আ. লীগ শিক্ষকদের সভায় মারামারি