বিশ্বজিৎ হত্যা: খালাসের রায় স্থগিত হয়নি চেম্বার আদালতে
পুরান ঢাকার আলোচিত দর্জি বিশ্বজিৎ দাস হত্যা মামলায় চার জনকে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন থেকে খালাসের হাই কোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষকে নিয়মিত আপিলের আবেদন (লিভ টু আপিল) করতে বলেছে চেম্বার আদালত।
ওই খালাসের রায় স্থগিত চেয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজিবুর রহমানের করা আবেদন গ্রহণ না করে সোমবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ আদেশ দেন।
পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বিচারিক আদালতের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি ও যাবজ্জীবনপ্রাপ্ত দুই আসামি- যারা হাই কোর্টের রায়ে খালাস পেয়েছেন, তাদের রায় স্থগিত চেয়ে সোমবার সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে আবেদন করেছিলাম।
“আদালত স্থাগিতাদেশ না দিয়ে নিয়মিত আপিল ফাইল অর্থাৎ লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করতে বলেছে।”
খালাস পাওয়া এই চারজন হলে- বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাইফুল ইসলাম ও কাইয়ুম মিঞা এবং যাবজ্জীবন দণ্ড পাওয়া গোলাম মোস্তফা ও এ এইচ এম কিবরিয়া।
২০১২ সালের ৯ ডিসেম্বর বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের অবরোধের মধ্যে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের কাছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একটি মিছিল থেকে কুপিয়ে ও পিটিয়ে বিশ্বজিৎকে হত্যা করা হয়।
ওই ঘটনার খবর ও ছবি সারা বিশ্বে আলোড়ন তোলে। আসামিরা সবাই ক্ষমতাসীন দলের ভ্রাতৃপ্রতীম সংগঠন ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মী হওয়ায় সরকারকে সে সময় তুমুল সমালোচনার মুখে পড়তে হয়।
একবছরের মাথায় বিচার শেষে ২০১৩ সালের ১৮ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক এ বি এম নিজামুল হক যে রায় দেন, তাতে ২১ আসামির মধ্যে আটজনকে মৃত্যুদণ্ড ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এছাড়া বেআইনি সমাবেশের আরেকটি ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই ১৩ জনকে ছয় মাস করে কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এ মামলার ডেথ রেফারেন্স (মৃত্যৃদণ্ড অনুমোদন) ও আসামিদের আপিলের শুনানি করে এবছরের ৬ আগস্ট মৃত্যুদণ্ড পাওয়া আট আসামির মধ্যে দুইজনের মৃত্যুদণ্ড বহাল রাখে হাই কোর্ট।
বাকি ছয়জনের মধ্যে চারজনের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন এবং অপর দুইজনকে খালাস দেওয়া হয়। এ ছাড়া যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ১৩ আসামির মধ্যে যে দুইজন আপিল করেছিলেন তারাও খালাস পান।
গত ৩১ অক্টোবর বহুল আলোচিত এই হত্যা মামলায় হাই কোর্টের দেওয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়।
