অভিজিৎ হত্যায় জড়িত সন্দেহে একজন গ্রেপ্তার
মুক্তমনা লেখক অভিজিৎ রায়কে হত্যার সঙ্গে জড়িত সন্দেহে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ ইউসুফ আলী জানান, রোববার রাতে মোহাম্মদপুরের ইকবাল রোডে অভিযান চালিয়ে মো. আবু সিদ্দিক সোহেল নামের ৩৪ বছর বয়সী ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোহেল নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের (সাবেক আনসারুল্লাহ বাংলা টিম) ইন্টেলিজেন্স শাখার একজন সদস্য।
“প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বলেছে, তাদের সংগঠনের বড় ভাই জিয়ার ( মেজর জিয়া) নির্দেশে সে ওই হত্যাকাণ্ডে অংশ নেয়।”
২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি রাতে একুশে বইমেলা চলাকালে বাংলা একাডেমি প্রাঙ্গণ থেকে বের হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির কাছে ফুটপাতে কুপিয়ে হত্যা করা হয় অভিজিৎ রায়কে। ওই সময় তার সঙ্গে থাকা স্ত্রী বন্যা আহমেদও হামলার শিকার হয়ে একটি আঙুল হারান।
পদার্থবিদ অধ্যাপক অজয় রায়ের ছেলে অভিজিৎ থাকতেন যুক্তরাষ্ট্রে। লেখালেখির কারণে জঙ্গিদের হুমকির মুখেও বইমেলা অংশ নিতে দেশে এসেছিলেন তিনি।
ঘটনার পর শাহবাগ থানায় অভিজিতের বাবার দায়ের করা মামলায় এর আগে ১০ জনকে গ্রেপ্তার করে পুলিশ। হত্যাকাণ্ডের ‘প্রধান সন্দেহভাজন’ মুকুল রানা ওরফে শরিফুল খিলগাঁওয়ে গত বছরের ১৯ জুন পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন।
পুলিশ বলছে, আনসারুল্লাহ বাংলা টিম নাম বদলে আনসার আল-ইসলাম বাংলাদেশ হিসেবে বাংলাদেশে বিভিন্ন জঙ্গি হামলা ও হত্যাকাণ্ড ঘটিয়েছে। আর ২০১২ সালের ১৯ জানুয়ারি সেনাবাহিনীতে ব্যর্থ অভ্যুত্থানচেষ্টার পরিকল্পনাকারী মেজর জিয়া আনসার আল ইসলামের সঙ্গে আছেন।
