‘মোহাম্মদপুর থেকে পালানো ২ জঙ্গি’ গাজীপুরে গ্রেপ্তার
রাজধানীর মোহাম্মদপুরে র্যাবের অভিযানের সময় পালিয়ে যাওয়া সন্দেহভাজন দুই জঙ্গিকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
এরা হলেন- মো. আব্দুল মোমেন ওরফে আদিল (২৫) এবং মো. আরিফ হোসেন (২০)।
শনিবার রাতে গাজীপুর থেকে তাদের আটক করা হয় বলে রোববার র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সেখানে বলা হয়, গত ২৩ জুলাই একদল জঙ্গি নাশকতার পরিকল্পনা করতে মোহাম্মদপুরে জড়ো হলে র্যাব অভিযান চালিয়ে সোহেব শেখ ওরফে সোয়াইব (৩১) এবং রফিকুল ইসলাম ওরফে রফিক (৩০) নামে দুজনকে গ্রেপ্তার করে।
“অভিযানের সময় সেখানে থাকা আরও কয়েকজন কৌশলে পালিয়ে যায়। গ্রেপ্তার দুজনের কাছ থেকে পালিয়ে যাওয়া জঙ্গিদের নাম জানা গেলে ওই তথ্যর ভিত্তিতে শনিবার রাতে গাজীপুর থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়।”
গ্রেপ্তার আদিল ও আরিফ নিষিদ্ধ জঙ্গি দল ‘আনসারুল্লাহ বাংলা টিমের’ প্রধান মুফতি জসীম উদ্দিন রাহমানীর অনুসারী বলে র্যাবের ভাষ্য।
