রাষ্ট্রপতির সঙ্গে আপিল বিভাগের বিচারপতিদের সাক্ষাৎ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন আপিল বিভাগের বিচারপতিরা।
রোববার বিকালে দায়িত্বরত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বে সর্বোচ্চ আদালতের বিচারকরা বঙ্গভবনে যান।
রাষ্ট্রপতির কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাতের সময় দায়িত্বরত প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের সার্বিক কার্যক্রম রাষ্ট্রপ্রধানকে জানান।
বিচারপতি ওয়াহহাব মিঞা আগামী ২ ডিসেম্বর অনুষ্ঠেয় জুডিশিয়াল কনফারেন্সে রাষ্ট্রপতিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান।
তিনি আরও বলেন, আগামী বছরের ২ জানুয়ারি সুপ্রিম কোর্ট দিবস পালিত হবে।
তিনি সুপ্রিম কোর্ট দিবসের অনুষ্ঠানেও রাষ্ট্রপতিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান।
সাক্ষাতের সময় রাষ্ট্রপতি বলেন, বিচার বিভাগ জনগণের বিচার পাওয়ার শেষ আশ্রয়স্থল।
তিনি আশা প্রকাশ করেন যে, বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করতে সুপ্রিম কোর্টসহ বিচার বিভাগের সকল কর্মকর্তা ন্যায়নিষ্ঠা ও আন্তরিকতার সাথে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করবেন।
