২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাবা-মেয়ে হত্যায় গৃহকর্ত্রী ও তার ‘প্রেমিকের’ দোষ স্বীকার

রাজধানীর বাড্ডায় জামিল শেখ ও তার মেয়ে নুসরাত হত্যাকাণ্ডে অপরাধ স্বীকার করে প্রকাশ্য আদালতে জবানবন্দি দিয়েছেন গৃহকর্ত্রীর কথিত প্রেমিক শাহিন মল্লিক।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2017, 11:09 PM

Updated : 11 Oct 2022, 02:42 PM

পুরনো খবর:

‘বাবাকে মারছ কেন’- বলার পর শিশুটিকেও খুন

জামিলের স্ত্রী আরজিনা বেগমও শাহীনের সঙ্গে পূর্বপরিকল্পনা থেকে এ হত্যাকাণ্ড সংঘটনের কথা স্বীকার করে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের একজন বিচারকের কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

শনিবার বিকালে দুজনকে আদালতে হাজির করে শাহিনকে রিমান্ডে নেওয়ার এবং আর্জিনার জবানবন্দি রেকর্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার এসআই শাখাওয়াত হোসেন।

আদালতে শাহীনের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। তার কিছু বলার আছে কি না জানতে চান মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী।

কাঠগড়ায় দাঁড়িয়ে হত্যাকাণ্ডের বিবরণ দিয়ে বিচারকের কাছে ক্ষমা চান এই যুবক।

Image
নিহত নুসরাত জাহান

নিহত নুসরাত জাহান

শাহিন বলেন, “আরজিনা ও আমি পাশাপাশি থাকার কারণে দুজনের সম্মতিতে আমাদের মাঝে একটা সম্পর্ক গড়ে ওঠে। প্রথমে আরজিনা আমাকে প্রস্তাব দেয়। একপর্যায়ে আরজিনা বাসা থেকে তার বাবার বাড়ি চলে যায়। দুই মাস পর সে আবার জামিলের সংসারে ফিরে আসে।

“আরজিনার পরিবার আমার আর আরজিনার সম্পর্কটা মেনে নিতে পারেনি। এ কারণে আরজিনা আমাকে বলে, সংসার করতে চাইলে আগে জামিলকে খুন করতে হবে।”

এরপর দুজন মিলে জামিলকে হত্যার পরিকল্পনা করেন জানিয়ে শাহিন বলেন, “সে অনুযায়ী আমি এক বান্ধবীকে দিয়ে একটি ফার্মেসি থেকে ঘুমের ওষুধ আরজিনাকে এনে দিই। আরজিনা সেই ওষুধ করলার সাথে মিশিয়ে জামিলকে খাওয়ায়। জামিল ঘুমিয়ে পড়লে আমি তাকে কাঠ দিয়ে মাথায় আঘাত করি। জামিলকে মারার দৃশ্য নুসরাত দেখে ফেলায় তাকে বালিশচাপা দিয়ে মেরে ফেলি।”

বৃহস্পতিবার ভোরে রাজধানীর উত্তর বাড্ডার ময়নারবাগের একটি বাসা থেকে জামিল শেখ (৩৮) ও তার নয় বছরের মেয়ে নুসরাতের মরদেহ উদ্ধার করা হয়।

ওই সময়ই জামিলের স্ত্রী আরজিনাকে (৩০) আটক করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মোবাইল নম্বর ট্র্যাক করে খুলনার লবণচড়া থানা এলাকায় ভাইয়ের বাসা থেকে শাহিনকে (২৬) গ্রেপ্তার করা হয়।

Image
পুলিশ বলছে, এই লাঠি দিয়ে আঘাত করা হয়েছিল ঘুমন্ত জামিলের মাথায়

পুলিশ বলছে, এই লাঠি দিয়ে আঘাত করা হয়েছিল ঘুমন্ত জামিলের মাথায়

স্ত্রী মাসুমা বেগমকে নিয়ে জামিলের ফ্ল্যাটে সাবলেট থাকতেন শাহিন। নুসরাত ছাড়াও পাঁচ বছর বয়সী একটি ছেলে রয়েছে জামিল-আরজিনা দম্পতির।

আদালতে শাহিন বলেন, “আমি তাদের মারতে চাইনি। হঠাৎ একটা এক্সিডেন্ট হয়ে গেছে। জীবনে প্রথম এমন কাজ করেছি। জীবনে আর এমন কাজ করব না।”

একই বিচারকের খাসকামরায় জবানবন্দিতে আরজিনা স্বামী ও তার মেয়েকে হত্যায় ‘দোষ স্বীকার’ করেছেন বলে আদালতের সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা এসআই মো. হানিফ জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আর্জিনা নিজেকে ও তার প্রেমিককে জড়িয়ে হাকিমের কাছে জবানবন্দি দিয়েছেন।

“তারা পরিকল্পিতভাবে জামিলকে হত্যা করেন। এ ঘটনা মেয়ে নুসরাত দেখে ফেলায় তাকেও হত্যা করেন শাহীন। এতে তার মা আরজিনা বেগমের সম্মতি ছিল।”

Image
এই বাড়িতে থাকতেন জামিল শেখ

এই বাড়িতে থাকতেন জামিল শেখ

জবানবন্দি দেওয়ার পর আরজিনাকে কারাগারে পাঠানো হয় বলে জানান এসআই হানিফ।

আপরদিকে পুলিশের আবেদনে সায় দিয়ে বিচারক শাহিনকে জিজ্ঞাসাবাদের জন্য চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

গোপালগঞ্জের বনগ্রামের জামিল গত ১৮ বছর ধরে বাড্ডা এলাকায় থাকেন। গুলশানে এক ব্যক্তির গাড়ি চালাতেন তিনি।

সাত হাজার টাকায় তিন মাস আগে বাড্ডার ময়নারবাগ কবরস্থানের পাশে ‘পাঠানবাড়ি’র এই বাসাটি ভাড়া নেন তিনি। কিন্তু ভাড়া বেশি হওয়ায় তিন হাজার টাকায় একটি কক্ষ পূর্বপরিচিত শাহিনকে সাবলেট দেন।

এই বাসায় আসার আগে একই এলাকার যে বাসায় জামিল স্ত্রী-সন্তানদের নিয়ে থাকতেন, সেই ভবনেরই অপর একটি ফ্ল্যাটে থাকতেন শাহিন। সেখান থেকে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে বলে আরজিনা জানিয়েছেন।