‘অক্টোবর বিপ্লবের সাহিত্যের প্রভাব ছিল সুদূরপ্রসারী’
রুশ বিপ্লব বা অক্টোবর বিপ্লবের নেপথ্যে রচিত সাহিত্য-সংস্কৃতির প্রভাব উপমহাদেশের রাজনীতি ও সমাজ গঠনের পাশাপাশি সাহিত্যচর্চায়ও সুদূরপ্রসারী প্রভাব ফেলেছিল বলে মন্তব্য করেছেন প্রাবন্ধিক, গবেষক আহমদ রফিক।
অক্টোবর বিপ্লবের শতবর্ষ পূর্তিতে শনিবার অক্টোবর বিপ্লব শতবর্ষ উদযাপন পর্ষদের আয়োজনে সাংস্কৃতিক সমাবেশে অতিথির ভাষণে তিনি বলেন, এই বিপ্লবের প্রেক্ষাপটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে ভারতীয় উপমহাদেশে ও ষাটের দশকে বাংলাদেশের স্বাধিকার আন্দোলনের প্রেক্ষাপটে সাহিত্য রচনায় প্রভাব ফেলেছিল।
আহমদ রফিক বলেন, “অক্টোবর বিপ্লবের সময়ে সমাজ ও রাজনীতিতে যে গুণগত পালাবদল হয়েছিল, তার নেপথ্যে সাহিত্য সংস্কৃতির ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা।”
ফরাসি বিপ্লবের ধারাবাহিকতায় রাশিয়ার প্রাবন্ধিক, লেখক ও সাহিত্যিকরা রুশ বিপ্লবের প্রাক্কালে অনুপ্রাণিত হয়েছেন বলে মন্তব্য করেন তিনি।
“এ লেখক, কবিরা গোপনে নানা বইপত্র ছেপে তা রাশিয়ার জনগণের মধ্যে ছড়িয়ে দেন। পরে সমাজতান্ত্রিক ভাবধারায় বিশ্বাসী নাগরিকরা তা থেকে অনুপ্রাণিত হয়ে মার্কসবাদের আদর্শে জড়িয়ে পড়ে। এ থেকেই তো শুরু হয় অক্টোবর বিপ্লবের প্রেক্ষাপট। ব্যক্তি অধিকার, সামাজিক অধিকার সম্পর্কে নাগরিকদের সচেতন করে তুলতে তখন নাগরিকদের কাছে বার্তা পৌঁছে দিয়েছিলেন এই কবি, সাহিত্যিকরাই।”
অক্টোবর বিপ্লবের প্রেক্ষাপটে রচিত রাজনৈতিক প্রবন্ধ, সাহিত্য ও কবিতাগুলো সে সময়ে সমাজের পচনশীল দিকগুলোর কথা তুলে ধরেছিল বলেও মন্তব্য করেন তিনি।
অক্টোবর বিপ্লবের এই সাহিত্য চর্চা ত্রিশের দশকে ভারতীয় দার্শনিক, লেখকদের মার্কসবাদী চিন্তায় প্রভাবান্বিত করেছিল উল্লেখ করে তিনি বলেন, “গণনাট্য সংঘ সমাজে মার্কসবাদী চিন্তা চেতনার বিকাশ ঘটাতে চেয়েছিল সমাজে। সংস্কৃতির জগতে তখন যে অভ্যুত্থান ঘটেছিল, তাকে আমি এক কথায় রেনেসাঁই বলব। পরে সাম্প্রদায়িক রাজনীতির প্রভাবে সে তা টেকেনি। ভারতীয় রাজনীতি, অর্থনীতিকে সংস্কারও করা যায়নি। ভারতে সমাজতন্ত্রের এই ব্যর্থতার দায়ভার আমরা আজও বহন করে চলেছি।”
ভারত ভাগের পর জাতীয়তাবাদের চেতনায় প্রগতিশীল সাহিত্য-সংস্কৃতির যে সূচনা হয়েছিল, তাতেও অক্টোবর বিপ্লবের ছাপ দেখতে পান আহমদ রফিক।
তিনি বলেন, “ষাটের দশকে আমাদের বামপন্থী রাজনীতিবিদরা জাতিসত্তার আত্মনিয়ন্ত্রণ অধিকারের বিষয়টিকে একেবারেই গুরুত্ব দেননি। মাওলানা ভাসানী এ বিষয়টিকে একেবারে গ্রহণ করেননি। দুই পাকিস্তানে দুই অর্থনীতিতে জাতিসত্তার আত্মনিয়ন্ত্রণ বিষয়টি যে কত গুরুত্বপূর্ণ ছিল, তা তারা বুঝেননি বলে আমরা পরে দুর্বিপাকে পড়ি।”
তার অভিযোগ, ষাট ও সত্তরের দশকে জাতীয়তাবাদীরা শ্রেণিনির্ভর রাজনীতিতে জড়িয়ে গেলে পরে সমাজতান্ত্রিক সমাজব্যবস্থা গড়ে তোলার স্বপ্ন ফিকে হতে থাকে।
আহমদ রফিক বলেন, “সমাজতন্ত্র কিন্তু হারিয়ে যায়নি। তরুণরা যদি অক্টোবর বিপ্লবের মর্মবস্তু অনুসন্ধান করে একটি বৃহত্তর রাজনৈতিক সংগঠন গড়ে তুলতে পারে, তবে সমাজতান্ত্রিক বিপ্লবের স্বপ্ন সত্যি হতে পারে।”
সাংস্কৃতিক সমাবেশে আরো এসেছিলেন এমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।
পরে উদীচী, স্বরব্যঞ্জন, বিবর্তন, গণশিল্পী সংস্থাসহ বেশকটি সাংস্কৃতিক সংগঠনের সাংস্কৃতিক পরিবেশনা ছিল।
