২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাগ ধরে টান, রিকশা থেকে পড়ে এফবিসিসিআই কর্মকর্তা আহত

হাত থেকে ব্যাগ টেনে ছিনিয়ে নেওয়ার সময় রিকশা থেকে পড়ে আহত হয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর এক নারী কর্মকর্তা।

অপরাধ বিষয়ক প্রধান প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2017, 08:16 PM

Updated : 19 Aug 2022, 05:53 PM

মতিঝিলে শনিবার সকালে ওই ঘটনায় আহত লিপি কেরানী হালদার এফবিসিসিআইর হিসাব শাখায় কাজ করেন। 

লিপি তার স্বামী অনলাইন পোর্টাল হলি টাইমস ডটকমের নির্বাহী সম্পাদক নিত্য গোপালের সঙ্গে রিকশায় করে স্বামীবাগের ইসকন মন্দিরে যাওয়ার পথে ছিনতাইয়ের কবলে পড়েন।

মতিঝিলের ঘরোয়া রেস্তোরাঁর সামনে একটি চলন্ত প্রাইভেট কার থেকে ছিনতাইকারীরা লিপির হাতে থাকা ব্যাগ টেনে নিয়ে যায় বলে জানান নিত্য গোপাল।

আহত লিপিকে স্বামীবাগের জাহাঙ্গীরনগর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিত্য গোপাল জানান, ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে তারা কমলাপুরের বাসা থেকে রিকশা করে ইসকন মন্দিরে যাচ্ছিলেন। মতিঝিলে পৌঁছার পর রুপালী রংয়ের একটি প্রাইভেট কার পাশ দিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীরা তার স্ত্রীর ভ্যানিটি ব্যাগ টেনে নিয়ে চলে যায়।

“ব্যাগের ফিতা হাতে জড়িয়ে থাকায় টান লেগে লিপি রিকশা থেকে ছিটকে রাস্তায় পড়ে আহত হন।”

ব্যাগে প্রায় ১৫ হাজার টাকা, জাতীয় পরিচয়পত্রসহ মূল্যবান কিছু কাগজ ছিল বলে জানান লিপির স্বামী।

মতিঝিল থানার ওসি ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছিনতাইয়ের ঘটনার অভিযোগ পাওয়ার পর তারা ছিনতাইকারীদের ধরার চেষ্টা করছেন।