সাবেক রাষ্ট্রপতি রহমান বিশ্বাসকে বনানীতে দাফন
সাবেক রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাসকে ঢাকার বনানী কবরস্থানে দাফন করা হয়েছে।
বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগে শুক্রবার রাতে মারা যান আব্দুর রহমান বিশ্বাস। তার বয়স হয়েছিল ৯১ বছর। বিএনপি আমলে (১৯৯১-৯৬) বাংলাদেশের ষোড়শ রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
শনিবার সকালে তার লাশ নিয়ে যাওয়া হয় জন্মস্থান বরিশালে। সেখানে জানাজা শেষে দুপুরে লাশ ঢাকায় আনার পর নেওয়া হয় নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে। সেখানে তার প্রতি শেষ শ্রদ্ধা জানান বিএনপি নেতারা।
এরপর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে, সংসদ ভবনের উত্তর প্লাজায় এবং গুলশানের আজাদ মসজিদে তিনটি জানাজার পর বনানী কবরস্থানে সাবেক এই রাষ্ট্রপতিকে দাফন করা হয়।
দাফনের সময়ে পরিবারের সদস্যরাসহ আইনজীবী ও বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
জাতীয় সংসদ ভবনে জানাজার আগে সাবেক স্পিকার রহমান বিশ্বাসের প্রতি শ্রদ্ধা জানান বর্তমান স্পিকার শিরিন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া।
সংসদ নেতা ও প্রধানমন্ত্রীর পক্ষে ফুল দেন সংসদের প্রধান হুইপ আ স ম ফিরোজ। বিরোধী দলের পক্ষে ফুল দেন বিরোধী দলীয় হুইপ নূরুল ইসলাম ওমর।
সংসদে জানাজায় বিএনপি নেতা মওদুদ আহমদ, হাফিজউদ্দিন আহমেদ, আমান উল্লাহ আমান, জয়নুল আবদিন ফারুক, শাহজাদা মিয়া, শহিদুল হক জামাল, জহিরউদ্দিন স্বপন, মেজবাহ উদ্দিন ফরহাদ, মফিকুল হাসান তৃপ্তিও ছিলেন।
১৯২৬ সালের ১ সেপ্টেম্বর বরিশালের শায়েস্তাবাদে আবদুর রহমান বিশ্বাসের জন্ম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস পড়ার পর তার পেশা জীবনের শুরু হয়েছিল স্থানীয় সমবায় ব্যাংকে।
পরে ১৯৫০ এর দশকে তিনি আইন পেশায় যোগ দেন। ১৯৭৪ ও ১৯৭৬ সালে বরিশাল বার সমিতির সভাপতির দায়িত্ব পালন করেন। সুপ্রিম কোর্টেও তিনি মামলা লড়েছেন।
আইয়ুব খানের শাসনামলে মুসলিম লীগে যোগ দেওয়ার মধ্য দিয়ে আবদুর রহমান বিশ্বাস রাজনীতিতে আসেন। ১৯৬২ ও ১৯৬৫ সালে পূর্ব পাকিস্তান আইন পরিষদের সদস্য (এমপিএ) নির্বাচিত হন তিনি।
বাংলাপিডিয়া লিখেছে, মুক্তিযুদ্ধকালে আবদুর রহমান বিশ্বাসের আনুগত্য ছিল পাকিস্তান সরকারের প্রতি।
আর বরিশালের মুক্তিযোদ্ধারা একাত্তরে তাকে স্থানীয় শান্তি কমিটির চেয়ারম্যান হিসেবে দেখার কথা বলেছেন বিভিন্ন সময়ে।
বাংলাদেশ স্বাধীন হওয়ার পর জিয়াউর রহমানের সময়ে ১৯৭৭ সালে বরিশাল পৌরসভার চেয়ারম্যান হন আবদুর রহমান বিশ্বাস। ১৯৭৯ সালের সংসদ নির্বাচনে বরিশাল থেকে এমপি নির্বাচিত হয়ে আসেন জাতীয় সংসদে।
১৯৭৯-৮০ সালে জিয়াউর রহমানের মন্ত্রিসভায় পাটমন্ত্রী এবং জিয়ার মৃত্যুর পর বিচারপতি আব্দুস সাত্তারের মন্ত্রিসভায় স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন আবদুর রহমান বিশ্বাস। সে সময় দলে তার পদ ছিল ভাইস চেয়ারম্যান।
এইচ এম এরশাদ সরকারের পতনের পর ১৯৯১ সালের নির্বাচনে বিএনপি আবারও ক্ষমতায় আসে। আবদুর রহমান বিশ্বাস প্রথমে স্পিকার ও পরে রাষ্ট্রপতির দায়িত্ব পান।
রাষ্ট্রপ্রধান হিসেবে তার মেয়াদের শেষ দিকে ১৯৯৬ সালের মে মাসে অভ্যুত্থান চেষ্টার অভিযোগ তখনকার সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল নাসিমসহ তার অনুগত ১৫ সেনা কর্মকর্তার শাস্তির বিষয়টি ছিল দেশের অন্যতম আলোচিত ঘটনা।
জেনারেল নাসিম রাষ্ট্রক্ষমতা দখলের জন্য ঢাকার বাইরে থেকে কয়েকটি সেনা দলকে রাজধানীতে ডেকেছিলেন বলে সে সময় অভিযোগ আনা হয়। তদন্ত আদালত গঠনের মাধ্যমে ওই সেনা কর্মকর্তাদের মধ্যে সাত জনকে বরখাস্ত এবং আট জনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।
১৯৯৬ সালে রাষ্ট্রপতির দায়িত্ব শেষ হওয়ার পর আবদুর রহমান বিশ্বাস রাজনীতি থেকেও দূরে সরে যান। তার আগেই তার নির্বাচনী আসন থেকে সংসদে আসেন তার ছেলে এহতেশামুল হক নাসিম বিশ্বাস।
এমপি থাকা অবস্থায় ১৯৯৮ সালের ১২ মার্চ এক বিয়ের দাওয়াতে খাবারের বিষক্রিয়ায় নাসিমের মৃত্যু হয়।
আব্দুর রহমান বিশ্বাসের স্ত্রী হোসনে আরা রহমান চলতি বছর ২৩ জুন মারা যান। তিনি ছিলেন বর্তমান পর্যটনমন্ত্রী ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের ফুফাতো বোন।
