বাংলাদেশে সব সম্প্রদায়ের মানুষ শান্তিতে আছে: সংস্কৃতিমন্ত্রী
বাংলাদেশকে ধর্মীয় সম্প্রীতির ‘এক ঊর্বর ক্ষেত্র’ অভিহিত করে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, এ দেশে হিন্দু- মুসলমান-বৌদ্ধ- খ্রিস্টানসহ বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ ‘শান্তি ও সম্প্রীতির’ সঙ্গে বসবাস করছে।
শুক্রবার রাজধানীর সবুজবাগে ধর্মরাজিক বৌদ্ধ বিহারে থাই দূতাবাসের সহযোগিতায় বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ আয়োজিত ‘কঠিন চীবর দানোৎসব ২০১৭’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
এ ধরনের উৎসব ও অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে বন্ধুপ্রতীম দুই দেশের কূটনৈতিক সম্পর্কের বন্ধন আরও দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মন্ত্রী বলেন, “বৌদ্ধ ধর্ম মানবতা ও শান্তির কথা বলে। এটি আমাদের অহিংসা, সম্প্রীতি ও সাম্যের শিক্ষা দেয়। বুদ্ধের শিক্ষা প্রকৃতভাবে অন্তরে ধারণ করলে সমাজ থেকে হিংসা-বিদ্বেষ, খুন-রাহাজানিসহ সকল ধরনের অনৈতিক কর্মকাণ্ড লোপ পাবে।”
