রোহিঙ্গা নিপীড়নকে ‘গণহত্যা’ না বলায় জাতিসংঘের সমালোচনা
রাখাইনে রোহিঙ্গা হত্যা-নির্যাতনের ঘটনাকে গণহত্যা হিসাবে চিহ্নিত না করায় জাতিসংঘের সমালোচনা করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক।
শুক্রবার ঢাকায় এক অনুষ্ঠানে তিনি বলেন, “আর কতো নির্যাতন হলে, হত্যা হলে, আর কতো নারী ধর্ষিত হলে, সবার সামনে আগুনে নিক্ষেপ করা হলে, তখন জাতিসংঘ এসে বলবে যে, হ্যাঁ, গণহত্যা হয়েছে।
“এই বিষয়টা আমাদেরকে খুব স্পষ্ট ভাষায় জাতিসংঘের কাছে জানতে চাইতে হবে। আর কতো রক্ত চান? আর কতো নির্যাতন দেখতে চান?”
জাতিসংঘের কনভেনশন অনুযায়ী রাখাইনে রোহিঙ্গাদের উপর নিপীড়নের ঘটনায় ‘বেশ কয়েকটা উপাদান’ রয়েছে জানিয়ে তিনি বলেন, “একটি জাতিকে নির্মূল করে দেওয়ার জন্য সে জাতির অনেক লোককে হত্যা করা হচ্ছে, তাদেরকে নিজের ভূমি থেকে বিতাড়িত করা হচ্ছে, শিশুদেরকে আলাদা করে ফেলা হচ্ছে, অভ্যন্তরীণভাবে স্থানান্তর ঘটছে, তাদেরকে দেশত্যাগে বাধ্য করা হচ্ছে।”
তবে সমালোচনা করলেও জাতিসংঘের ‘নমনীয়’ অবস্থানের পক্ষে আবার সম্ভাব্য যুক্তিও তুলে ধরেন তিনি।
“বিভিন্ন দৃষ্টিভঙ্গি ও পরিস্থিতিতে তারা হয়তো চিন্তা করছে। সে সমস্ত ক্ষমতাধর দেশ, তাদের সাহায্যের কথা তারা চিন্তা করছে; চিন্তা করে তারা এখন পর্যন্ত গণহত্যা বলছে না।”
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ‘দ্য টেস্টিমনি অব সিক্সটি’র আদলে রোহিঙ্গা নির্যাতনের ওপর আরেকটি ‘টেস্টিমনি অব সিক্সটি’র প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন রিয়াজুল হক।
মুক্তিযুদ্ধ জাদুঘরের সেন্টার ফর দ্য স্টাডি অব জেনোসাইড অ্যান্ড জাস্টিসের অধীনে একদল গবেষক ৬৭জন রোহিঙ্গার সাক্ষাৎকার এবং আরো কিছু লেখা নিয়ে এই প্রকাশনা সাজিয়েছেন।
একাত্তরের ‘টেস্টিমনি অব সিক্সটির’ ধারাবাহিকতা হিসাবে একই সজ্জায় প্রকাশনাটি সাজানো হয়েছে বলে জানান সেন্টারের পরিচালক মফিদুল হক।
অনুষ্ঠানে একাত্তরে অক্সফাম কর্মী হিসাবে বাংলাদেশের শরণার্থীদের পাশে দাঁড়ানো জুলিয়ান ফ্রান্সিস বলেন, “১৯৭১ সালের সেপ্টেম্বরের দিকে আমরা এই রকম একটি প্রকাশনা করেছিলাম, টেস্টিমনি অব সিক্সটি। সেটা জাতিসংঘের সাধারণ অধিবেশনসহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হয়েছিল। যেটা পাকিস্তানের উপর চাপ সৃষ্টিতে বড় রকমের ভূমিকা পালন করেছিল।”
