২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে আরও ‘জঙ্গি হামলার ঝুঁকি’ দেখছে অস্ট্রেলিয়া

নতুন করে ‘জঙ্গি হামলার পরিকল্পনার নির্ভরযোগ্য তথ্য’ থাকার কথা বলে অস্ট্রেলিয়া সরকার বাংলাদেশে তাদের নাগরিকদের চলাফেরায় সতর্কতা জারি করেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2017, 03:27 PM

Updated : 11 Oct 2022, 02:42 PM

অস্ট্রেলিয়ার ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেডের (ডিএফএটি) ওয়েবসাইটে শুক্রবার বলা হয়েছে, বাংলাদেশ সন্ত্রাসী হামলার ‘বড় ধরনের হুমকিতে’ রয়েছে। যে অস্ট্রেলীয় নাগরিকরা এখন বাংলাদেশে আছেন, তাদের সতর্ক থাকতে হবে এবং চারপাশের পরিবেশের দিকে খেয়াল রাখতে হবে। সেই সঙ্গে নিতে হবে নিজেদের নিরাপত্তার ব্যবস্থা।

আর যারা বাংলাদেশ ভ্রমণের পরিকল্পনা করছেন, তাদের বিষয়টি পুনর্বিবেচনা করার কথা বলা হয়েছে ওই ট্রাভেল অ্যাডভাইজরিতে। 

ঠিক কী ধরনের তথ্যের ভিত্তিতে অস্ট্রেলিয়া তাদের নাগরিকদের এই সতর্কবার্তা দিয়েছে, তা স্পষ্ট করেনি ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেড।

সতর্কবার্তায় তারা গতবছর ১ জুলাই ঢাকার হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা এবং গত মার্চে শাহজালাল বিমানবন্দরের সামনে চেকপোস্টে আত্মঘাতী বিস্ফোরণের বিষয়টিও উল্লেখ করেছে।

সেখানে বলা হয়েছে, বাংলাদেশের আইন-শৃঙ্খলা বাহিনী এখনও উচ্চ সতর্কতা বজায় রেখেছে এবং নাশকতার পরিকল্পনার অভিযোগে প্রায়ই সন্ত্রাসীদের গ্রেপ্তারের ঘটনা ঘটছে। নতুন করে জঙ্গি হামলার ঝুঁকি রয়ে গেছে ‘আগের মতই’। 

যেসব বিপণি বিতানে নিয়মিত বিদেশিদের যাতায়াত আছে, সেসব এলাকায় বাংলাদেশে অবস্থানরত অস্ট্রেলীয় কর্মকর্তাদের না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। মোটর গাড়ি ছাড়া তাদের বাইরে চলাফেরা না করতে বলেছে দেশটির পররাষ্ট্র দপ্তর। 

জঙ্গি হামলার হুমকির বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) সহেলী ফেরদৌস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশ্বজুড়েই জঙ্গিরা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বাংলাদেশও আশঙ্কামুক্ত নয়।”

তিনি বলেন, “বাংলাদেশ পুলিশ এ বিষয়ে যথেষ্ট তৎপর রয়েছে; জঙ্গি দমনে এরই মধ্যে বেশ সাফল্য দেখিয়েছে। বিভিন্ন দেশের সঙ্গে সমন্বয় করে এ বিষয়ে আমরা কাজ করছি।”