২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি ৩ সংস্থায় নতুন ডিজি

যুব উন্নয়ন অধিদপ্তর, জাতীয় সঞ্চয় অধিদপ্তর এবং জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমিতে নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2017, 08:15 PM

Updated : 19 Aug 2022, 05:52 PM

এছাড়া আরও সাতজন অতিরিক্ত সচিবের দপ্তর বদল করে বুধবার রাতে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

ধর্ম মন্ত্রণালয়ে বদলির আদেশাধীন অতিরিক্ত সচিব মো. আনোয়ার হোসেনকে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক নিয়োগ দিয়েছে সরকার।

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে বদলির আদেশাধীন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শামসুন্নাহার বেগম পেয়েছেন জাতীয় সঞ্চয় অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব।

আর ময়মনসিংহের জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির পরিচালক (যুগ্ম-সচিব) মো. শাহ আলম একই প্রতিষ্ঠানের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন।

অবসরে যাওয়ার সুবিধার্থে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) মহাপরিচালক মোহাম্মদ আবুল কাইয়ুম এবং যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আনোয়ারুল করিমকে ওএসডি করা হয়েছে।

জাতীয় সঞ্চয় অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহাকে স্বাস্থ্য সেবা বিভাগে এবং সেকায়েপ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মাহমুদ-উল-হককে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে বদলি করা হয়েছে।

অন্যদিকে স্বাস্থ্য সেবা বিভাগে সংযুক্ত ওএসডি অতিরিক্ত সচিব হারুন-অর-রশীদ খানকে স্বাস্থ্য সেবা বিভাগে পদায়ন এবং তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রোকসানা মালেককে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

ভূমি মন্ত্রণালয়ে সংযুক্ত ওএসডি অতিরিক্ত সচিব এ ইউ এস এম সাইফুল্লাহকে ভূমি মন্ত্রণালয়ে এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত ওএসডি অতিরিক্ত সচিব মো. মাসুক মিয়াকে ভূমি আপীল বোর্ডের সদস্য নিয়োগ দেওয়া হয়েছে।