ভাস্কর্য আর চিত্রকর্মে ‘ভাস্বর’ আবদুর রাজ্জাক
মারক রথকো, আরসাইল গোর্কি, জেকসন পোলকের পথ ধরে মার্কিন মুলুকে বসে বিমূর্তধারার চিত্রকর্মে তখন যশ কুড়িয়েছেন বাংলার তরুণ চিত্রশিল্পী আবদুর রাজ্জাক; কিন্তু তার মনে পড়ে ছিল আবহমান বাংলার মাটি-মানুষ আর প্রকৃতিতে।
স্বদেশে ফিরে এসে আবদুর রাজ্জাক ব্রতী হলেন স্বদেশের স্বরূপ উন্মোচনে। তখন কেউ ভাবেনি, সেদিনের সেই চিত্রশিল্পী পরে ভাস্কর হিসেবেই বেশি পরিচিতি পাবেন।
প্রয়াত ভাস্কর ও চিত্রশিল্পী আবদুর রাজ্জাকের দ্বাদশ মৃত্যুবার্ষিকীতে ধানমন্ডির গ্যালারি চিত্রকে আয়োজন করা হয়েছে ‘প্রফেসর আবদুর রাজ্জাক’ শিরোনামের একটি একক প্রদর্শনী।
মঙ্গলবার সন্ধ্যায় এই প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
চিত্রশিল্পী সৈয়দ জাহাঙ্গীরের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে এসেছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম, শিল্পী রফিকুন নবী।
অনুষ্ঠানের শুরুতে আবদুর রাজ্জাকের ছেলে আসিফ আহমেদ বলেন, “বাবা যতটা কাজ করে গেছেন, তার প্রচার আসলে সেভাবে হয়নি। হলে বাবার অনেক কাজ সম্পর্কে অনেক কিছুই জানা যেত। তিনি যে বড় অন্তর্মুখী ছিলেন।
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, “আবদুর রাজ্জাকের শিল্পকর্ম নিয়ে যতগুলো প্রদর্শনী হওয়ার কথা ছিল, তা হয়নি। তবে এই প্রদর্শনী নতুনভাবে আবদুর রাজ্জাককে নতুন প্রজন্মের সামনে উপস্থাপন করবে।”
রফিকুন নবী জানান, গ্যালারি চিত্রকের এই প্রদর্শনীতে চিত্রকর, ছাপচিত্রকর, ভাস্কর এই তিন রাজ্জাক- সত্তাই অনুভব করা যাবে চিত্রকের আয়োজনে।
পঞ্চাশের দশকে ঐতিহ্য অনুসন্ধানী চিত্রশিল্পীরা যখন পশ্চিমের অস্তিত্ববাদ ও বিচ্ছিন্নতাবোধকে নির্ভর করে নতুন আঙ্গিকের শিল্প রচনায় ব্রতী হয়ে উঠছিলেন, তখন তাদের দলে নাম লেখান আবদুর রাজ্জাক।
আবদুর রাজ্জাকের আঁকা ১২০টি ছবি নিয়ে সাজানো হয়েছে এই প্রদর্শনী। মূর্ত ও বিমূর্ত, উভয় ধারাতেই তিনি তুলে এনেছেন সজীব শ্যামল বাংলার প্রকৃতি, মানুষ আর প্রাণীকুলের জীবনপ্রণালী।
আত্মীয়, স্বজন আর বন্ধুবান্ধবদের ছবিও তিনি এঁকেছেন প্রচুর, করেছেন ফিগার স্টাডি। কখনও বোর্ডে তেলরঙ ছড়িয়ে, কখনো নিজের বানানো ক্যানভাসে পেন্সিলে আনমনে এঁকে গেছেন প্রিয় মানুষের মুখাবয়ব।
প্রকৃতি, জীবন নিয়ে ক্যানভাসে নিরীক্ষা করতে গিয়ে তিনি এঁকে গেছেন প্রচুর ল্যান্ডস্কেপ ছবি। জলরঙ, মিক্সড মিডিয়া, তেলরঙসহ নানা মাধ্যমে তিনি বিমূ্র্তবাদের চর্চা করে গেছেন জীবনভর।
প্রদর্শনী চলবে ১৫ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
আবদুর রাজ্জাকের তৎপরতায় তৎকালীন চারুকলা ইনস্টিটিউটে ভাস্কর্য বিভাগ চালু হয়। গাজীপুরের জয়দেবপুরে ‘জাগ্রত চৌরঙ্গী’র ভাস্কর আবদুর রাজ্জাক।
চারুকলায় অবদানের জন্য তিনি ১৯৮৯ সালে একুশে পদকে ভূষিত হন।
