২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিপিএ সম্মেলনে বিদেশি এমপিদের রোহিঙ্গা পরিস্থিতি জানাবেন পররাষ্ট্রমন্ত্রী

ঢাকায় অনুষ্ঠেয় ৬৩তম কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) সম্মেলনে চলমান রোহিঙ্গা সঙ্কটের বিষয়টি তুলে ধরবেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2017, 07:24 PM

Updated : 19 Aug 2022, 05:52 PM

আগামী ৫ নভেম্বর ঢাকায় সংসদের দক্ষিণ প্লাজায় সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধনের পর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিকাল সাড়ে ৩টা থেকে সোয়া ৪টা পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রীর এই ব্রিফিং হবে।

সিপিএ চেয়ারপার্সন ও জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মঙ্গলবার বলেন, “ওই সেশনে বাংলাদেশ যা কিছু বলতে চায়, বিদেশি এমপিদের কাছে বলা হবে। তাহলে বিদেশি এমপিরা সেটা পুরোপুরি জানতে পারবে।ওদের প্রশ্ন থাকলেও সেখানে করতে পারবে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ চায় তাদের সাপোর্ট। সেটা ওখানেই চাইতে পারে। অনেক দেশের এমপিরাও বিষয়টি নিয়ে জানতে আগ্রহী। সেখানেই এটা বলা হবে।”

রাখাইনে সেনাবাহিনী নতুন করে অভিযান শুরুর পর গত ২৫ অগাস্ট থেকে এ পর্যন্ত ছয় লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। রোহিঙ্গাদের গ্রামগুলোতে নির্বিচারে হত্যা, ধর্ষণ, লুটপাট, অগ্নিসংযোগের কথা জানিয়েছেন তারা।

মিয়ানমারের নেত্রী অং সান সু চি সেনাবাহিনীর এই অভিযানকে ‘সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই’ হিসেবে বর্ণনা করলেও জাতিসংঘ একে চিহ্নিত করেছে ‘জাতিগত নির্মূল অভিযান’ হিসেবে।

এই শরণার্থীদের ফেরত নিতে মিয়ানমারের উপর চাপ বাড়াতে কূটনৈতিক পর্যায়ে নানা তৎপরতা চালাচ্ছে বাংলাদেশ।

আগামী ১-৮ নভেম্বর কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স (সিপিসি) অনুষ্ঠিত হতে হবে। সংসদের দক্ষিণ প্লাজায় ৫ নভেম্বর এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ও সিপিসি’র ভাইস প্যাট্রন শেখ হাসিনা।

সিপিএ’র ৬২তম সম্মেলন ঢাকায় গতবছরের সেপ্টেম্বরে ঢাকায় হওয়ার কথা থাকলেও জুলাই মাসে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার কারণে তা অনুষ্ঠিত হয়নি।

কমনওয়েলথভুক্ত ৫২টি দেশের ১৮০টি জাতীয় ও প্রাদেশিক সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, সংসদ সদস্যসহ অন্যান্য প্রতিনিধিসহ সাড়ে পাঁচশ’র মতো প্রতিনিধি সম্মেলনে অংশ নেবেন। এর মধ্যে ৫৬ জন স্পিকার এবং ২৩ জন ডেপুটি স্পিকার থাকবে বলে আশা করা হচ্ছে।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সংসদীয় এই ফোরামটির এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য হচ্ছে, ‘কনটিনিউনিং টু এনহান্স দ্যা হাই স্ট্যান্ডার্ড অব পারফরমেন্স অব পার্লামন্টোরিয়ানস’।

গত এপ্রিলে বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে বিশ্বের সবচেয়ে বড় সংসদীয় ফোরাম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের ১৩৬তম সম্মেলন।