২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারকে চাপে রাখতে জাতিসংঘের সহায়তা চাইলেন রাষ্ট্রপতি

রোহিঙ্গা সমস্যাকে বাংলাদেশের জন্য বোঝা হিসেবে উল্লেখ করে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মিয়ানমারে তাদের সম্মানজনক প্রত্যাবর্তন নিশ্চিতে দেশটির ওপর চাপ অব্যাহত রাখতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2017, 06:45 PM

Updated : 19 Aug 2022, 05:52 PM

মঙ্গলবার বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি রবার্ট ডি ওয়াটকিন্স বঙ্গভবনে বিদায়ী সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ কথা বলেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, “রাষ্ট্রপতি বলেন, পৃথিবীর অন্যতম একটি জনবহুল রাষ্ট্র বাংলাদেশের জন্য রোহিঙ্গা ইস্যু একটি বড় সমস্যা। দশ লাখের মত বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক বাংলাদেশে অবস্থান করছে।”

রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার কার্যক্রমের প্রশংসা করে রাষ্ট্রপতি রোহিঙ্গাদের সম্মানজনক পুনর্বাসনে অব্যাহত সহযোগিতা চান।

সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনে বাংলাদেশকে সাহায্য করার জন্য জাতিসংঘকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি। তিনি আশা করেন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে এই সহযোগিতা অব্যাহত থাকবে।

বিদায়ী প্রতিনিধি তার কর্মকালে সার্বিক সহযোগিতার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ভবিষ্যতে তার সহযোগিতা অব্যাহত রাখবে।

তিনি রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অবস্থানের প্রশংসা করেন।

ওয়াটকিনস আরও বলেন, বাংলাদেশের নির্বাচন কমিশন শক্তিশালী করতে ইউএনডিপি সার্বিক সহযোগিতা দেবে।