ইতিহাস বিকৃতি: পাকিস্তানকে ক্ষমা চাইতে বলল বাংলাদেশ
পাকিস্তান হাই কমিশনের ফেইসবুকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা নিয়ে ‘অসৎ উদ্দেশ্যে বিভ্রান্তিকর’ ভিডিও প্রচারের ঘটনায় ইসলামাবাদকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে বলেছে বাংলাদেশ।
মঙ্গলবার পাকিস্তানের হাই কমিশনারকে তলব করে ওই ঘটনার কড়া প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইসলামাবাদের এ ধরনের কর্মকাণ্ড দুই দেশের সম্পর্ককে আরও ক্ষতিগ্রস্ত করবে।
সম্প্রতি পাকিস্তান অ্যাফেয়ার্স নামে একটি ফেইসবুক পেইজ থেকে ১৩ মিনিট ৪৫ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করা হয়, যেখানে বলা হয়, “শেখ মুজিবুর রহমান নন, জিয়াউর রহমানই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। আর বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর তাজউদ্দীন আহমেদ এ ব্যাপারে তখনকার মেজর জিয়াকে সমর্থন দেন।”
ঢাকায় পাকিস্তান হাইকমিশন গত বৃহস্পতিবার তাদের ফেইসবুক পেইজে ওই ভিডিও শেয়ার করলে বাংলাদেশের বিভিন্ন সংবাদপত্রে খবর আসে। পরে এ নিয়ে আলোচনা শুরু হলে হাই কমিশনের ফেইসবুক পেইজ থেকে ভিডিওটি সরিয়ে ফেলা হয়।
এই প্রেক্ষাপটে ঢাকায় পাকিস্তানের হাই কমিশনার রফিউজ্জামান সিদ্দিকীকে মঙ্গলবার বিকালে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র সচিব (বাইলেটারাল ও কনস্যুলার) কামরুল আহসান তার হাতে বাংলাদেশের প্রতিবাদলিপি ধরিয়ে দেন এবং ‘ইতিহাস বিকৃতির এই চেষ্টার’ বিষয়ে সতর্ক করে দেন।
তলবে হাজিরা দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকরা প্রশ্ন করলে হাই কমিশনার রফিউজ্জামান “নো কমেন্টস” বলে চলে যান।
পরে সচিব কামরুল আহসান বলেন, “হাই কমিশনারকে বলা হয়েছে, এ রকম চললে দুই দেশের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে। ইতিহাস ইতিহাসই। অপপ্রচার করে ইতিহাসকে ভিন্ন পথে নেওয়া যাবে না।”
সচিব জানান, পাকিস্তানের হাই কমিশনার দুঃখ প্রকাশ করে বলেছেন, এ ঘটনা ‘অনিচ্ছাকৃত’ এবং তারা বিষয়টি ‘বুঝে উঠতে পারেননি’। তারা ভিডিওটি তাদের ফেইসবুক পেইজ থেকে সরিয়েও ফেলেছেন।
১৯৭১ সালে সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে পাকিস্তান থেকে আলাদা হয়ে স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের যাত্রা শুরু হয়।
মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর এ দেশীয় দোসরেরা যেসব যুদ্ধাপরাধ ঘটিয়েছিল, তার বিচার শুরুর পর গত আট বছরে নানাভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে ইসলামাবাদ।
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলাতে ঢাকার পক্ষ থেকে বারবার আহ্বান জানানো হলেও ইসলামাবাদ তাতে বিরত হয়নি। এ কারণে গত দুই বছরে আরও কয়েকবার পাকিস্তানের হাই কমিশনারকে ডেকে বাংলাদেশ সতর্ক করেছে।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বার বার প্রতিবাদ জানানোর পরও বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তান ও দেশটির বিভিন্ন সংস্থার অপপ্রচার বন্ধ হয়নি।
হাই কমিশনার সিদ্দিকীকে বলা হয়েছে, তার দেশ প্রতিষ্ঠিত কূটনেতিক শিষ্টাচারের প্রতি সম্মান দেখাবে এবং ভবিষ্যতে বাংলাদেশের বিরুদ্ধে এ ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকবে বলেই ঢাকা আশা করে।
এর এ বিষয়টি পাকিস্তানের যথাযথ কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে তাদের হাই কমিশনারকে, যাতে ওই ভিডিও পোস্ট করার জন্য ইসলামাবাদ আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করে।
রফিউজ্জামান সিদ্দিকীর হাতে দেওয়া কূটনৈতিক নোটে বলা হয়, জিয়ার স্বাধীনতার ঘোষণা দেওয়ার বিষয়ে সেখানে যা বলা হয়েছে, তা সর্বৈব মিথ্যা এবং ইতিহাস বিকৃতি মাত্র।
‘বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা চাননি, তিনি বাঙালি সংখ্যাগরিষ্ঠ পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন চেয়েছিলেন’- ওই ভিডিওর এমন বক্তব্যও পুরোপুরি ভিত্তিহীন বলে উল্লেখ করা হয়েছে বাংলাদেশের প্রতিবাদলিপিতে।
আর সচিব কামরুল আহসান একে ‘সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করে পাকিস্তানের অসৎ উদ্দেশ্য হাসিলের চেষ্টা’ হিসেবে বর্ণনা করেছেন।
হাই কমিশনারকে দেওয়া কূটনৈতিক নোটে বলা হয়, স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা চাননি, অথবা অন্য কেউ বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিল- এমন বক্তব্যের চেয়ে বড় মিথ্যা আর কিছু হতে পারে না।
রফিউজ্জামান সিদ্দিকীকে মনে করিয়ে দেওয়া হয়, ১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলার মানুষকে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে বঙ্গবন্ধু বলেছিলেন, “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম- এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।”
তাকে স্মরণে করিয়ে দেওয়া হয়, বাংলাদেশের মুক্তির সংগ্রাম চূড়ান্ত রূপ পেয়েছিল একাত্তরের ২৬ মার্চ বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে। আর চূড়ান্ত পরিণতি এসেছিল ওই বছর ১৬ ডিসেম্বর পাকিস্তানের আত্মসমর্পণের মধ্যে দিয়ে।
কূটনৈতিক নোটে বলা হয়, বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা এবং পাকিস্তানের সেনাবাহিনীর বর্বরতার বিরুদ্ধে অস্ত্র ধরার আহ্বান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের একটি মাইলফলক, যা লাখো বাঙালিকে স্বাধীনতা যুদ্ধে শামিল হওয়ার প্রেরণা যুগিয়েছিল।
“এমনকি পাকিস্তানের কয়েকজন ইতিহাসবিদও তাদের লেখায় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধুর এই একক ও বিরাট ভূমিকার কথা তুলে ধরেছেন।”
বাংলাদেশ সরকার পাকিস্তান হাই কমিশনকে বলেছে, তাদের এই ‘কূটনৈতিক শিষ্ঠাচার বহির্ভূত কর্মকাণ্ড’ বাংলাদেশের মানুষ, বিশেষ করে মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের পরিবার এবং ধর্ষণের শিকার পাঁচ লাখ নারীর অনুভূতিতে আঘাত ছাড়া আর কিছু নয়।
