নিখোঁজ উৎপলের সন্ধান দাবিতে জন্মদিনে ভিন্নরকম কর্মসূচি
উৎপল দাসের ২৯তম জন্মদিনে ২৯টি মোমবাতি জ্বালিয়ে মুখে কালো কাপড় বেঁধে তার সন্ধান দাবি করেছেন সহকর্মী সাংবাদিকরা।
সোমবার রাতে রাজধানীর কারওয়ান বাজারে এই কর্মসূচিতে বেশ কয়েকটি টেলিভিশন স্টেশন ও সংবাদপত্রের কর্মী এ কর্মসূচি পালন করেন।
অনলাইন নিউজ পোর্টাল পূর্বপশ্চিমবিডিনিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক উৎপল দাস গত ১০ অক্টোবর থেকে নিখোঁজ।
কারওয়ানবাজারের যে এলাকায় গণমাধ্যমের কর্মীরা আড্ডা দেন, যেখানে উৎপলও নিয়মিত যেতেন, সেখানেই কেক কাটার বদলে অশ্রুনয়নে দাঁড়ান সাংবাদিকরা।
এ কর্মসূচির উদ্যোক্তাদের একজন সাংবাদিক রাজীব আহমদ বলছেন, “আজ উৎপলের ২৯তম জন্মদিন। ওকে কেউ ধরে নেবে বা তুলে নেবে, এমন ধারণাও করতে পারিনা।
“কিন্তু গত ২০ দিনেও তার সন্ধান না পেয়ে আমরা উদ্বিগ্ন। আমরা বিশ্বাস করতে চাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উৎপলকে ফিরিয়ে আনতে পারবে।”
সোহেল হায়দার বলেন, উৎপল দাস নিখোঁজে গোটা সাংবাদিক সমাজ স্তব্ধ। তার সন্ধানের দাবিতে বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) বিক্ষোভ সমাবেশ করবে।
এদিকে উৎপলের সহকর্মীদের ব্যানারে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
