২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক সচিবের স্ত্রীর গুলিবিদ্ধ লাশ

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুব রেজা খানের স্ত্রীর গুলিবিদ্ধ লাশ মিলেছে ঘরে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2017, 11:17 PM

Updated : 19 Aug 2022, 05:51 PM

মাহবুব সুফিয়া খান (৫০)  স্বামীর বৈধ অস্ত্রের গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা পুলিশের।

রোববার সন্ধ্যায় ঢাকার ইন্দিরা রোডের বাসায় বুকে গুলিবিদ্ধ অবস্থায় সুফিয়া খানকে স্কয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেরে বাংলা থানার ওসি গণেশ গোপাল বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়ার পর পুলিশ খবর পেয়ে সেখানে যায়।

সুফিয়ার বুকের বাম পাশে গুলির চিহ্ন রয়েছে বলে ওসি জানান।

লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয় পুলিশ।

ইন্দিরা রোডে বাসায় গিয়ে অস্ত্রটি জব্দ করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা গণেশ।

তিনি বলেন, “পরিবারের সদস্যরা বলছে, সুফিয়া মানসিকভাবে অসুস্থ ছিলেন। পরিবারের সবার সাথে কথা বলে এবং পরিস্থিতি দেখে প্রাথমিকভাবে মনে হয়েছে, তিনি আত্মহত্যা করেছেন।”

মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে পুলিশ।