২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাড়ে ৩ লাখ রোহিঙ্গার বায়োমেট্রিক নিবন্ধন শেষ

মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের মধ্যে ৩ লাখ ৬৫ হাজার জনের বায়োমেট্রিক নিবন্ধন শেষ হয়েছে বলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া জানিয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2017, 07:37 PM

Updated : 19 Aug 2022, 05:51 PM

আগামী ডিসেম্বর মাসের মাঝামাঝি বাকি রোহিঙ্গাদের নিবন্ধনের কাজ শেষ করতে আশাবাদী তিনি।

সচিবালয়ে রোববার এক আন্তঃমন্ত্রণালয় সভার পর মায়া সাংবাদিকদের বলেন, ৬৫ দিনে ছয় লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে এসেছে, আর আগে থেকেই আছে তিন-চার লাখ।

“৩ লাখ ৬৫ হাজার রোহিঙ্গার বায়োমেট্রিক নিবন্ধন শেষ হয়েছে। ৫০টি বুথ থেকে এই নিবন্ধন করানো হচ্ছে। ডিসেম্বরের মাঝামাঝি বাকিদের নিবন্ধন শেষ করতে পারবে বলে পাসপোর্ট অধিদপ্তর আশা করছে।”

বায়োমেট্রিক নিবন্ধনের কাজ শেষ হলে কতজন রোহিঙ্গা মিয়ানমার সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে বাংলাদেশে এসেছে, তা সুনির্দিষ্ট করে বলা যাবে বলে জানান ত্রাণমন্ত্রী।

ডব্লিউএফপি সাড়ে পাঁচ লাখ রোহিঙ্গার খাওয়ার ব্যবস্থা করেছে জানিয়ে মায়া বলেন, ত্রাণ মন্ত্রণালয় এক থেকে দেড় লাখ এবং তুরস্ক সরকার ৩০ হাজারের খাওয়ার ব্যবস্থা করে।

“খাদ্যের কোনো অভাব নাই, ঘরে (শেডে) খাবার স্তূপ করে রেখেছে। অনেকে বিক্রিও করে ফেলে।”

রোহিঙ্গাদের থাকার জন্য দেড় লাখ শেড দরকার জানিয়ে ত্রাণমন্ত্রী বলেন, ইতোমধ্যে এক লাখ ২১ হাজার নির্মাণ হয়ে গেছে, নভেম্বর মাসের মধ্যে কোনো মানুষ ঘরহীন থাকবে না।

কুতুপালংয়ের মূল ক্যাম্পের বাইরে যারা আছে, তাদের নতুন শেডে আনার পরিকল্পনা জানান মন্ত্রী।

তিনি বলেন, কুতুপালং ক্যাম্পকে ২০টি ব্লকে ভাগ করা হয়েছে। প্রতি ব্লকে ৩০ থেকে ৫০ হাজার করে মানুষ থাকবে।

মায়া বলেন, ডব্লিউএফপি ৩০০ টনের ধারণ ক্ষমতার ১৪টি গুদাম নির্মাণ করে দিয়েছে, আরও ২০টি নির্মাণ করে দেবে। খাবার রাখায় কোনো অসুবিধা হবে না।

রোহিঙ্গাদের জন্য এখন ৩৫ হাজার শৌচাগার নির্মাণের প্রয়োজনের কথা জানিয়ে তিনি বলেন, ইউনিসেফ ১০ হাজার, তুরস্ক ২০ হাজার শৌচাগার নির্মাণ করে দেবে।

সুপেয় পানির জন্য আট হাজার নলকূপের মধ্যে ইতোমধ্যে এক হাজার স্থাপনের তথ্য জানান মায়া। তুরস্ক দুই হাজার এবং ইউনিসেফ এক হাজার নলকূপ নির্মাণ করে দিচ্ছে।

“খাওয়া, শৌচাগার, পানি, ল্যাট্রিন- এই চারটি সমস্যা আমরা সমাধান করতে পারব।”

কুতুপালংয়ে যাওয়ার জন্য এলজিইডি ১৮ কিলোমিটার সড়ক নির্মাণের কাজ নভেম্বরের মধ্যে শেষ করবে জানিয়ে মায়া বলেন, ১৩৫টি খাম্বার মাধ্যমে বৈদ্যুতিক বাতি লাগানো হবে, সঙ্গে থাকবে সোলার বাতি।

তিনি জানান, ৩০ হাজার রোহিঙ্গা নারী গর্ভবতী, এদের মধ্যে ১১ হাজার চিকিৎসা নিতে এসেছেন। ৮০০ নতুন মুখ পৃথিবীর আলো দেখেছে। এতিম শিশু ২৪ হাজার। মা-বাবা নেই এমন এতিম চার হাজার।

কুতুপালং এলাকায় ফায়ার সার্ভিস তাদের স্থাপনা নিয়ে অবস্থান করছে বলেও জানান ত্রাণমন্ত্রী।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, পরিসংখ্যান সচিবসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বাহিনীর প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।