২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘দুই দল তরুণের দ্বন্দ্বে’ ঢাকায় স্কুলছাত্র খুন

রাজধানী চকবাজার চাদনী ঘাট এলাকায় দুই দল কিশোর-তরুণের দ্বন্দ্বের জেরে এক স্কুলছাত্রকে ছুরি মেরে হত্যা করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2017, 05:53 PM

Updated : 19 Aug 2022, 05:51 PM

নিহত মো. হাসান লালবাগের হাজি রহিম বক্স লেইনের মোহাম্মদ আলীর ছেলে। ইসলামবাগ আইডিয়াল স্কুল থেকে এবার তার জেএসসি পরিক্ষা দেওয়ার কথা ছিল।

মোহাম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার বিকালে তার ছেলে বন্ধুদের সঙ্গে বেরিয়েছিল।

“রাত সাড়ে ৯টায় ওর মা আমাকে ফোন করে জানায়, গৌর সুন্দর দাস লেইনের কাছে হাসানের পেটে ছুরি মেরেছে ১৪/১৫ জন ছেলে।”

হাসানের বন্ধুরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪টার দিকে তার মৃত্যু হয় বলে জানান মোহাম্মদ আলী।

এ ঘটনায় শনিবার সকালে চকবাজার থানায় অভিযোগ করেছেন বলে জানান তিনি।

মোহাম্মদ আলী উর্দু রোডে একটি ইলেকট্রনিক্স সামগ্রীর দোকান চালান। তার দেশের বাড়ি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে।

চকবাজার থানার ওসি শামীমুর রশীদ তালুকদার বলেন, “আমরা খবর পেয়েছি, সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড। জড়িতদের আইনের আওতায় আনতে যা করতে হয় পুলিশ তা করবে।”