‘ডিবির সারা দিনের অর্জন নিয়ে যাচ্ছে নরসিংদী পুলিশ’
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কয়েক ঘণ্টার ধাওয়ার পর নরসিংদীতে ফেলে যাওয়া মাদকবাহী একটি গাড়ি ও তিন হাজার বোতল ফেনসিডিল ‘নিজেদের উদ্ধার’ হিসেবে দেখাচ্ছে জেলা পুলিশ।
একে ডিবির ‘সারা দিনের অর্জনকে’ নরসিংদী পুলিশের নিয়ে যাওয়া বলছেন গোয়েন্দা পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।
মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর) জ্যেষ্ঠ সহকারী কমিশনার গোলাম সাকলাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃহস্পতিবার ঢাকায় গাড়িসহ মাদক ঢুকবে বলে খবর পেয়ে দুপুর দেড়টায় আমরা মাদকচক্রের সদস্যদের ধরতে অভিযান শুরু করেছিলাম।
“প্রায় পাঁচ ঘণ্টা টয়োটা রাস মডেলের একটি গাড়িকে ধাওয়া করি আমরা। মাদকচক্রটি ঢাকায় ঢুকতে না পেরে বিকালের দিকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে নরসিংদীর মাধবদী থানা এলাকায় গিয়ে ফেনসিডিলসহ গাড়ি রেখে অন্তত দুইজন পালিয়ে যায়।”
ওই সময় অভিযানে থাকা ডিবির দলটি ওই সব মাদক ও গাড়ি উদ্ধার করে ঢাকায় নিয়ে আসতে চাইলে নরসিংদী পুলিশ তাদের বাধা দেয় বলে নাম প্রকাশে অনিচ্ছুক গোয়েন্দা পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার দাবি।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,“ডিবির সারা দিনের অর্জনকে নরসিংদী জেলা পুলিশ নিজেদের করে দেখাতে চাইছে। এজন্য উদ্ধার মাদক ও গাড়ি ডিবির অভিযানে উদ্ধার হয়েছে, সেটা স্বীকার করতে চাইছে না।”
এ বিষয়ে জানতে চাইলে নরসিংদীর পুলিশ সুপার আমেনা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,“ওই অভিযানের ৭৫ ভাগ ডিবির এবং ২৫ ভাগ নরসিংদী জেলা পুলিশের। নরসিংদী জেলার মধ্যে ফেনসিডিল ও গাড়ি পাওয়া গেছে বলে আইন অনুযায়ী নরসিংদী জেলা পুলিশ সেগুলো নিজেদের উদ্ধার হিসেবে দেখাবে।”
এ ঘটনায় গাড়ির মালিক ও চালকসহ ২-৩ জনের নামে মামলার প্রস্তুতি চলছে বলে মাধবদী থানার ওসি মো. ইলিয়াস জানিয়েছেন।
