২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলাবদ্ধতা: খিলক্ষেতে সড়ক ও নর্দমা সংস্কার শুরু

রাজধানীর খিলক্ষেত এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে কাজ শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2017, 11:40 PM

Updated : 12 Apr 2022, 12:35 AM

বুধবার খিলক্ষেত প্রধান সড়কের খিলক্ষেত রেলক্রসিং থেকে লেকসিটি কনকর্ডের পাশের কালভার্ট এবং বনরূপা হাউজিং থেকে বেপারীপাড়া পর্যন্ত নর্দমাসহ সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়।

উত্তর সিটি করপোরেশনের প্যানেল মেয়র মো. ওসমান গণি এবং স্থানীয় সাংসদ সাহারা খাতুন খিলক্ষেত বাজার এলাকায় আয়োজিত অনুষ্ঠানে এসব কাজের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে জানানো হয়, ২৬ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে এই প্রকল্প নেওয়া হয়েছে। এর আওতায় ৩ দশমিক ৬ কিলোমিটার দীর্ঘ এ সড়কে ১৯ হাজার ৪৫৭ বর্গমিটার কার্পেটিং এবং ৭ হাজার ৫২০ বর্গমিটার কংক্রিটের ঢালাই হবে। পাশাপাশি নর্দমার উন্নয়ন কাজও করা হবে।

আগামী বছর জুন মাসের মধ্যে এই কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

ঢাকা উত্তরের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডা. জিন্নাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলর শাহনাজ পারভীন মিতু, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মেসবাহুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জলাবদ্ধতায় স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ লাঘব করতে এ উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে বলে জানান প্যানেল মেয়র।

তিনি বলেন, “এই কাজ অত্যন্ত মানসম্মতভাবে করা হবে। আমরা নানা উন্নয়ন কাজ করে যাচ্ছি। মেয়র আনিসুল হকের নেওয়া সব উন্নয়ন কাজের ধারা অব্যাহত থাকবে।”

খিলক্ষেতের এ সড়কের উন্নয়ন কাজ শুরুর মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলায় মেয়র আনিসুল হককে ধন্যবাদ জানান সাহারা খাতুন।