১৫ অগাস্ট জন্মদিন: খালেদাকে গ্রেপ্তারের প্রতিবেদন ফের পিছিয়েছে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার দিনে জন্মদিন পালন বন্ধে আরজি জানিয়ে করা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেপ্তারের পরোয়ানা তামিল প্রতিবেদন জমার সময় পিছিয়েছে।
বুধবার এই প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু গুলশান থানার পুলিশ এদিন প্রতিবেদন দাখিল করেনি।
পরে ঢাকা মহানগর হাকিম খুরশীদ আলম গ্রেপ্তারি পরোয়ানা তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১০ ডিসেম্বর দিন রাখেন।
বাদীর আইনজীবী দুলাল মিত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ নিয়ে খালেদাকে গ্রেপ্তারের প্রতিবেদন দিতে তৃতীয়বারের মতো সময় পেল পুলিশ।
এ মামলায় গত বছরের ১৭ নভেম্বর খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রাক্তন যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম গত ২০১৬ সালের ৩০ অগাস্ট খালেদা জিয়ার বিরুদ্ধে মামলাটি করেন।
বঙ্গবন্ধু নিহত হওয়ার দিনটিতে খালেদা জিয়ার জন্মদিন পালনের বিরুদ্ধে গতবছরের ৩০ অগাস্ট ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলা করেনবাদী ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নেতা গাজী জহিরুল ইসলাম।
মামলায় খালেদার ওই জন্মদিনকে ‘ভুয়া ও প্রতারণামূলক’ বলা হয়।
