২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরীক্ষার হলে ‘বিশেষ কারণে দেরি বিবেচনা করা হবে’

পাবলিক পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষা কেন্দ্র ঢোকা ‘আবশ্যিক’ করা হলেও ‘বিশেষ কারণে’ কারও দেরি হলে তা বিবেচনায় নেওয়া হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2017, 04:21 PM

Updated : 19 Aug 2022, 05:50 PM

জেএসসি-জেডিসি পরীক্ষা সামনে রেখে বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন এ কথা বলেন।

তিনি বলেন, “ব্যতিক্রম কিছু হলে কর্তৃপক্ষ নিশ্চয়ই সেটা কার্যকারণ বিবেচনা করে সিদ্ধান্ত দেবেন। কেউ একটা অ্যাক্সিডেন্টে পড়ে গেল সেক্ষেত্রে তো আপনাকে বিবেচনা করতে হবে, সে রকম ব্যতিক্রম থাকবে। সকল ক্ষেত্রেই ব্যতিক্রম থাকে।”

প্রশ্ন ফাঁস ঠেকাতে পাবলিক পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে ঢোকার এই নিয়ম করেছে শিক্ষা মন্ত্রণালয়, যা আগামী ১ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা থেকে কার্যকর হবে।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বুধবার এ বিষয়ে সাংবাদিকদের বলেন, “শিক্ষকরা সকালে যাওয়ার পর প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। এটা বন্ধ করার জন্য পরীক্ষার্থীরা ৩০ মিনিট আগে কেন্দ্রে ঢুকবে, তারপর প্রশ্নপত্রের প্যাকেট খোলা হবে।”

আধ ঘণ্টা আগে হলে পৌঁছালে পরীক্ষার্থীদের টেনশন কমে যাবে মন্তব্য করে সচিব সোহরাব হোসাইন বলেন, “এটার অন্য একটা দিকও আছে- ঠিক সময়ে পৌঁছানোর জন্য প্ল্যান করে বাসা থেকে বের হতে হবে। কারণ আমাদের যানজট বা ইত্যাদি বিষয়গুলো প্রতিদিনের। সুতরাং আমরা সেভাবে প্ল্যান করতে বাধ্য হই।”

Image
পাবলিক পরীক্ষায় শিক্ষার্থীরা (ফাইল ছবি)

পাবলিক পরীক্ষায় শিক্ষার্থীরা (ফাইল ছবি)

প্রশ্ন ফাঁস আটকাতে এই নিয়ম কীভাবে কার্যকর হবে সেই যুক্তি দিয়ে তিনি বলেন, “আগে হলে পৌঁছালে শিক্ষার্থীরা নিরাপদ থাকবে। অন্যদিকে যে ক্ষুদ্র অংশ অসাধু পন্থা অবলম্বন করে, তারা তখন এই সুযোগটা পাবে না, কমিউনিকেশন গ্যাপ হয়ে যাবে। যেহেতু শিক্ষার্থীদের সাথে অন্য কোনো মাধ্যম থাকবে না, তাই পরীক্ষার হলে ঢোকার পরে কমিউনিকেশন থাকছে না। কেউ যদি অসাধুপন্থায় কিছু করতেও চায়, সেই সুযোগটা আর পাচ্ছে না।”

আইন না করে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের বিষয়টি ‘বাধ্যতামূলক’ করা যাবে না জানিয়ে সচিব বলেন, এ জন্য মন্ত্রণালয় থেকে এ নিয়ম মানাকে ‘আবশ্যিক’ বলা হচ্ছে।

“আজকের যুগে একজন মানুষ যদি অসৎ হয়, বহু লোকের মধ্যে সেটা ছড়িয়ে দিতে পারে (প্রযুক্তি ব্যবহার করে); যেটা আগে সেটা ছিল না। আগে প্রশ্ন ফাঁস হলে কারও সাথে যোগাযোগ করত না, লজ্জা পেত যে সহপাঠী বা আত্মীয়রা যদি শোনে! এই বোধটা বোধহয় আমাদের কমে গেছে, বোধটা জাগানোর চেষ্টা করছি।”

সচিব বলেন, প্রশ্ন ফাঁসের সঙ্গে ‘অল্প কিছু মানুষ’ জড়িত। কিন্তু সারা দেশে একজন করা আর সবাই করা একই কথা, কারণ ফলাফলটা হয় এক।

“ট্রেজারি বা বোর্ড থেকে প্রশ্নের প্যাকেট নেওয়া হয়, খোলার কোনো বিধান নেই। প্রশ্ন কেন্দ্রে যাবে, সেখানে একটি ডেডিকেটেড রুম থাকে। সেখানে কয়েকজন পরীক্ষা করে দেখে যে কোনো ছেঁড়া আছে কি না, যেভাবে থাকার কথা প্যাকেট সেভাবে আছে কি না। আমরা চাইছি প্রশ্ন কেন্দ্রে পৌঁছাক, পরীক্ষার্থীরা হলে ঢুকে যাক, তারপর প্যাকেট খোলা হোক।”

এতদিন ‘বিশ্বাসের ওপর’ নির্ভর করে পরীক্ষা নেওয়া হয়েছে মন্তব্য করে সচিব বলেন, অদূর ভবিষ্যতে এমন পদ্ধতি ব্যবহার করা হবে, যাতে কোথাও কোনো প্যাকেট খোলা হলে কেন্দ্র বা নিয়ন্ত্রণ কক্ষ তা স্বয়ংক্রিয়ভাবে জানতে পারবে।

তিনি জানান, পরীক্ষার সময় কোচিং সেন্টার বন্ধ রাখার বিষয়ে বৈঠক করে সিদ্ধান্ত নেবেন তারা। তবে এবারের জেএসসি-জেডিসি পরীক্ষার সময় তা কার্যকর হচ্ছে কি না সে বিষয়ে কিছু বলেননি তিনি।

পুরনো খবর:

পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে ঢোকা বাধ্যতামূলক