২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইনজেকশন থেকে মাদক বানিয়ে বিশেষ কায়দায় বিদেশে পাচার

চেতনানাশক একটি ইনজেকশন থেকে মাদক তৈরি করে তা তোয়ালেতে মিশিয়ে ইউরোপের দেশ স্পেনে পাচারের তথ্য তিন মাদকপাচারকারীর জবানবন্দিতে উঠে এসেছে বলে র‌্যাব জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2017, 09:09 PM

Updated : 11 Oct 2022, 02:40 PM

বাহিনীর কর্মকর্তারা বলছেন, ইউরোপে হেরোইন ও কোকেনের বিকল্প মাদক হিসেবে ‘জি-কেটামিন’র চাহিদা রয়েছে। সেই সুযোগ নিতে স্পেন প্রবাসী এক বাংলাদেশিকে ঘিরে আন্তর্জাতিক মাদক পাচারকারীদের একটি চক্র গড়ে উঠেছিল।

সোমবার মিরপুরের পল্লবীর একটি বাসা থেকে এই চক্রের প্রধান মীর মঞ্জুর মোর্শেদ সানী এবং তার দুই সহযোগী মাহমুদুল হাসান চয়ন ও হাবিবুল্লাহ খানকে গ্রেপ্তার করা হয় বলে মঙ্গলবার কারওয়ানবাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে জানানো হয়।

সানী পেশায় একজন খামারী, চয়ন ও হাবিবুল্লাহ একটি ব্যাংকের মার্কেটিং শাখায় চাকরি করেন। তারা পেশার অন্তরালে আন্তর্জাতিক মাদক চোরাচালানের সঙ্গে যুক্ত বলে র‌্যাবের ভাষ্য।

সংবাদ সম্মেলনে র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, তারা অভিনব কৌশলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে মাদক চোরাচালান করে আসছে। তাদের কাছ থেকে প্রতিটি ১০ মিলি লিটারের ১৪৫টি জি-কেটামিন বোতল, ১০০ গ্রাম করে জি-কেটামিন মেশানো ৩৪টি সাদা তোয়ালে এবং ১৮০টি জি-কেটামিনের খালি বোতল উদ্ধার করা হয়েছে।

মাহমুদ খান বলেন, ৩৪টির মধ্যে ১৮টি কেটামিনযুক্ত তোয়ালে একটি কুরিয়ার সার্ভিস থেকে উদ্ধার করা হয়। কিন্তু তদন্তের স্বার্থে সেই কুরিয়ার সার্ভিসের নাম বলা যাচ্ছে না।

এই চক্রের মাদক তৈরি ও বিদেশে পাচারের কৌশল নিয়ে তিনি বলেন, “তারা ১০ মিলি লিটারের ১০০টি জি-কেটামিন ইনজেকশনের বোতলের ছিপি খুলে রেখে গ্যাস বের করে দিত।

“এরপর স্টিলের বোল বা হাড়িতে সেগুলো আগুতে উত্তপ্ত করে ঘন করত। উত্তপ্ত মাদকটি পরিষ্কার সাদা তোয়ালের এক পাশে স্প্রে করে শুকিয়ে নিত। পরে তোয়ালেগুলো ভাজ করে প্যাকেটের ভেতরে সীল করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে স্পেনে পাঠানো হত।”

র‌্যাবের মুখপাত্র বলেন, সানীর বড় ভাই মাহাদী মঞ্জুর মান্না ১৫ বছর ধরে স্পেনে বসবাস করছেন। মান্না ও স্পেনের নাগরিক আরামডো গঞ্জালিওর তত্ত্বাবধানে তোয়ালের ওই সব মাদক বিশেষ পদ্ধতিতে সংগ্রহ করা হয়। চার মাস আগে মান্না ও স্পেনের নাগরিক গঞ্জালিও বাংলাদেশে এসে কেটামিন মাদক প্রস্তুত ও পাচারের কৌশল ওই তিনজনকে শিখিয়ে যান।

গত দুই মাসে জি-কেটামিন মাদকের চারটি চালান স্পেনে পাঠানো হয়েছে বলে গ্রেপ্তারদের বরাত দিয়ে জানান র‌্যাব মুখপাত্র।

“তুলনামূলক দাম কম হওয়াতে জি-কেটামিন মাদকদ্রব্যটির চাহিদা ইউরোপের দেশগুলোতে হেরোইন বা কোকেনের চেয়ে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে,” বলেন তিনি।