ব্যবসায়ীকে তলবের ব্যাখ্যা দিতে সিআইডি পরিদর্শকের ডাক হাই কোর্টে
কোনো মামলা ছাড়া এক ব্যবসায়ীকে নিজ কার্যালয়ে হাজির হতে দেওয়া নোটিসের ব্যাখ্যা জানতে সাতক্ষীরা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এক পরিদর্শককে তলব করেছে হাই কোর্ট।
এ বিষয়ে ব্যাখ্যা দিতে আগামী ৫ নভেম্বর পুলিশ পরিদর্শক শেখ মেসবাহ উদ্দিনকে হাজির হতে হবে।
ওই ব্যবসায়ীর করা রিট আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাই কোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. উজ্জল হোসেন। রিট আবেদনটি দায়ের করেন সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা এলাকার ব্যবসায়ী আব্দুস সামাদ গাজী।
তার আইনজীবী উজ্জ্বল হোসেন সাংবাদিকদের বলেন, “ফৌজদারি কার্যবিধির ১৬০ ধারা অনুযায়ী গত ২৩ অগাস্ট সিআইডির পুলিশ পরিদর্শক আমার মক্কেলকে একটি নোটিস দেন।”
ওই নোটিসে সামাদ গাজীকে বিবাদী উল্লেখ করে বলা হয়, “আপনাকে নোটিস প্রদান করা যাইতেছে যে, বাদী কতৃর্ক আপনার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে বিধায় আগামী ২৯ অগাস্ট নিম্ন সাক্ষরকারীর অফিসে হাজির হতে আপনাকে নির্দেশ প্রদান করা হইল।”
নোটিসে সাতক্ষীরার পলাশপোল এলাকার আব্দুল মোকাদ্দেস খান চৌধুরীকে (মিন্টু চৌধুরী) বাদী হিসেবে উল্লেখ করা হয়।
আইনজীবী উজ্জ্বল বলেন, নিয়মিত মামলা হলে বা মামলার সাক্ষী হলে পুলিশ তলব করতে পারে। কিন্তু সামাদ গাজীর বিরুদ্ধে এখনও কোনো মামলা হয়নি। আবার তিনি সাক্ষীও না। তাই তাকে হাজির হতে বলতে পারেন না।
এ নিয়ে ব্যবসায়ী সামাদ গাজীর রিট আবেদনে সিআইডির পরিদর্শক মেসবাহ উদ্দিনকে ব্যাখ্যার জন্য তলব করল হাই কোর্ট। একইসঙ্গে রুলে দিয়ে কোনো মামলা ছাড়া ‘ফৌজদারি কার্যবিধির ১৬০ ধারায় তদন্ত কার্যক্রম’ শুরু করা কেন অবৈধ হবে না- তা জানতে চাওয়া হয়।
চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, খুলনার বিভাগীয় সিআইডির পুলিশ সুপার, সাতক্ষীরার সিআইডির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পুলিশ পরিদর্শক শেখ মেসবাহ উদ্দিন এবং মিন্টু চৌধুরীকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
হাই কোর্ট সামাদ গাজীকে দেওয়া ওই নোটিসের কার্যক্রমও স্থগিত করেছে বলে জানান আইনজীবী উজ্জ্বল।
