অলোকেশের ক্যানভাসে গ্রামবাংলার রূপ
অয়েল পেইন্টিং, অ্যাক্রেলিক আর জলরঙের নিরীক্ষায় ক্যানভাসে গ্রামবাংলার চিত্র তুলে এনেছেন শিল্পী অলোকেশ ঘোষ।
প্রকৃতি ও মানুষের সংযোগের পাশাপাশি তিনি হাজির করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর ও আধুনিক সভ্যতার গল্পও।
প্রবীণ শিল্পী অলোকেশ ঘোষের আঁকা ৭২টি ছবি নিয়ে রাজধানীর জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে শুরু হয়েছে একক চিত্র প্রদর্শনী।
রোববার বিকালে এই প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত এএইচএন সেওং দু, চিত্রশিল্পী সমরজিৎ রায় চৌধুরী।
প্রদর্শনী নিয়ে অলোকেশ ঘোষ বলেন, “আমি সারা জীবনভর সরল সাদা মানুষের মুখ খুঁজেছি, গ্রামবাংলার কথা বলতে চেয়েছি। বাংলার রূপ-রস নিয়ে আমি কাজ করি। সেটাই ক্যানভাসে বড় সহজ করে ফুটিয়ে তোলার প্রয়াস এই প্রদর্শনী।”
শিল্পী জানান, তার ৪০ বছরের ক্যারিয়ারে এটি তার চতুর্থ একক প্রদর্শনী।
প্রদর্শনী ঘুরে দেখে আসাদুজ্জামান নূর বলেন, “অলোকেশের ছবি দেখলে মনে হয়, এই তো আমার ঘরবাড়ি, এই তো আমার বাংলাদেশ। তার ক্যানভাসে রঙের ব্যবহার এত নরম, যা আমি অন্য শিল্পীর মধ্যে পাই না। অলোকেশ নানা মাধ্যমে বাংলার প্রকৃতি আর মানুষের গল্প আঁকে। যারা চিত্রকলায় বাংলাদেশকে ছুঁয়ে দেখতে চান, তারা অলোকেশের ছবি ছুঁয়ে দেখতে পারেন।”
রাষ্ট্রদূত এএইচএন সেওং দু বলেন, “ওয়াটার কালার মাধ্যমে গ্রামবাংলা, মানুষের এমন সব ছবি দেখে সত্যি বিমোহিত হয়েছি। অলোকেশকে এক কথায় ওয়াটার কালারের মাস্টারই বলতে হবে।”
চারুকলা অনুষদে সমরজিৎ রায় চৌধুরীর সরাসরি ছাত্র ছিলেন অলোকেশ।
“অলোকেশের ক্যানভাসে বাংলার গ্রামীণ সৌন্দর্যের সাথে তার আত্মিক সম্পর্কও প্রতিফলিত হয়েছে। গ্রামীণ পরিবেশে বড় হলেও শহরের নাগরিক জীবনকে রঙ তুলির আঁচড়ে ক্যানভাসে ফুটিয়ে তুলে তিনি তার বহুমুখী সংবেদনশীলতার পরিচয় দিয়েছেন।”
নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে ঢুকতেই নজরে পড়ে গ্রামবাংলার মুখরিত জনপদের গল্প। ওয়াটার কালারের পাশাপাশি অ্যাক্রেলিকের ব্যবহারে শিল্পী তুলে এনেছেন গ্রামীণ জনপদের নানা অনুষঙ্গ। নদীমাতৃক বাংলাদেশের গল্পটি আঁকতে আঁকতে শিল্পী তার ক্যানভাসে চিত্রায়িত করেছেন সবুজ শষ্যের ক্ষেত, উঠে এসেছে নানা ধরনের নৌকা।
জলরঙে তিনি তুলে এনেছেন বন্যাপীড়িত মানুষের অবর্ণনীয় দুর্ভোগের কথাও। গ্রাম বাংলার ছবি আঁকতে গিয়ে তিনি কখনও জলরঙ, আবার কখনও ঔজ্জ্বল্য বাড়াতেই অ্যাক্রেলিকের ব্যবহার করেছেন।
রবীন্দ্রনাথ ঠাকুরের দারুণ ভক্ত অলোকেশ ঘোষ অয়েল পেইন্টিং আর অ্যাক্রেলিকে এঁকেছেন প্রিয় কবির মুখাবয়ব। সিঙ্গাপুর সফরের স্মৃতিকেও ঠাঁই দিয়েছেন প্রদর্শনীতে।
প্রদর্শনীটি চলবে ২১ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৫টা এবং শুক্রবার দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে।
