বিচারপতি সিনহার পদে ফেরা নিয়ে আইনমন্ত্রীও সংশয়ে
দুর্নীতির অভিযোগ ওঠার পর সহকর্মীরা বিচারপতি এস কে সিনহার সঙ্গে কাজ করতে না চাওয়ায় তার প্রধান বিচারপতির পদে ফেরার সম্ভাবনা নিয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মত আইনমন্ত্রী আনিসুল হকও সংশয় প্রকাশ করেছেন।
রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “যতক্ষণ পর্যন্ত এই ১১টি অভিযোগের সুরাহা না হবে, ততক্ষণ পর্যন্ত তারা হয়ত উনার সাথে বসবেন না। তাহলে উনি কি করে এখানে এসে বসবেন? আপিল বিভাগে একক বেঞ্চের কোনো নিয়ম আছে বলে আমার জানা নাই।”
শুক্রবার রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়ার আগে প্রধান বিচারপতি এক লিখিত বিবৃতিতে সাংবাদিকদের বলেন, “আমি অসুস্থ নই, আমি ভালো আছি। আমি পালিয়ে যাচ্ছি না, আমি আবার ফিরে আসব। আমি কিছুটা বিব্রত।”
কিন্তু তার পরদিন সুপ্রিম কোর্টের বিরল এক বিবৃতিতে বলা হয়, বিচারপতির সিনহার বিরুদ্ধে দুর্নীতি, আর্থিক অনিয়ম, অর্থ পাচার ও নৈতিক স্খলনসহ ১১টি সুনির্দিষ্ট গুরুতর অভিযোগ জানিয়েছেন রাষ্ট্রপতি। সহকর্মীরা এর ব্যাখ্যা চাইলে গ্রহণযোগ্য কোনো ব্যাখ্যা বিচারপতি সিনহা দিতে পারেননি। এ কারণে তারা অভিযোগগের সুরাহা না হওয়া পর্যন্ত একই বেঞ্চে বসতে রাজি নন।
সুপ্রিম কোর্টের ওই বিবৃতি আসার পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শনিবার সাংবাদিকদের বলেন, “বিচারপতিরা যদি উনি ফেরার পর না বসতে চান তাহলে উনার পক্ষে একা বসা সম্ভব হবে না।”
বিচারপতি সিনহা ছুটিতে যাওয়ায় রাষ্ট্রপতির আদেশে বর্তমানে সুপ্রিম কোর্টের নেতৃত্ব দিচ্ছেন বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা।
আইন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধান বিচারপতির বিদেশে অবস্থানের সময়ে, অথবা তিনি ‘দায়িত্বে না ফেরা পর্যন্ত’ বিচারপতি ওয়াহহাব মিঞাই প্রধান বিচারপতির কার্যভার সম্পাদন করবেন।
আইনমন্ত্রী বলেন, প্রধান বিচারপতির ছুটির আবেদন এবং বিদেশ যাওয়ার কথা জানিয়ে রাষ্ট্রপতিকে লেখা চিঠির ভিত্তিতেই সরকারি ওই আদেশ জারি করা হয়েছে।
সুপ্রিম কোর্টের মাধ্যমে প্রধান বিচারপতির বিরুদ্ধে অভিযোগ প্রকাশ করা সমীচীন হয়েছে কি না- এমন প্রশ্নে আনিসুল বলেন, “এটা তাদের জিজ্ঞেস করেন।
“সুপ্রিম কোর্টকে নিয়ে বা যে কোনো প্রতিষ্ঠানকে নিয়ে যদি বিতর্ক সৃষ্টি হয় তাহলে আইন বলে, সেই প্রতিষ্ঠান একটা জবাব দিতে পারে।”
