আমি কোনো দিন মিথ্যা বলি না: আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক দাবি করেছেন, তিনি কখনোই মিথ্যা বলেন না।
ছুটি নিয়ে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিদেশ যাওয়ার ঘটনা কেন্দ্র করে টেলিভিশনের আলোচনায় যারা মন্ত্রীর সমালোচনা করছে, মিথ্যা বলা তাদেরই ‘অভ্যাস’ বলে মন্তব্য করেছেন তিনি।
প্রধান বিচারপতি বিদেশে যাওয়ার পর তর দুর্নীতি, অর্থ পাচার, আর্থিক অনিয়ম ও নৈতিক স্খলনসহ সুনির্দিষ্ট ১১টি অভিযোগের বিষয়ে সুপ্রিম কোর্টের এক বিবৃতি নিয়ে নানামুখী আলোচনার মধ্যে রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন আইনমন্ত্রী।
আইনজীবী আনিসুল হক বলেন, “টকশোতে অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে অ্যাটাক করে বলছেন, আমি মিথ্যা কথা বলেছি। সেই ক্ষেত্রে আমি বলব, সেইসব অর্বাচীনকে যে, দ্যাখেন কোনো দিনই আমার পেশার থাকার সময় এটা আমার অভ্যাস ছিল না যে মিথ্যা কথা বলব।
“আর আমি যার পুত্র, তার থেকে আমি শিখেছি… আপনারা দেখতে পারেন যে অ্যাডভোকেট সিরাজুল হক সাহেব কোনো দিন খারাপ মামলা হলেও কোর্টে মিথ্যা কথা বলেন নাই।… আমি তার পুত্র, আমি কোনো দিন মিথ্যা বলি না।”
আনিসুল হকের বাবা প্রয়াত সিরাজুল হক ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য। বঙ্গবন্ধু হত্যা এবং জাতীয় চার নেতা হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি ছিলেন তিনি।
প্রধান বিচারপতি এস কে সিনহা অসুস্থতার কথা জানিয়ে ছুটি চেয়ে যে চিঠি রাষ্ট্রপতিকে পাঠিয়েছিলেন, পরে বিদেশে যাওয়ার বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করে যে চিঠি দিয়েছিলেন এবং ওই দুটি চিঠির প্রেক্ষিতে আইন সচিবকে পাঠানো সুপ্রিম কোর্টের ফরোয়াডিং লেটারগুলো সংবাদ সম্মেলনে পড়ে শোনান আইনমন্ত্রী।
তিনি বলেন, “আমি আপনাদেরকে চিঠি পড়ে শোনালাম, পরিষ্কার করে দিলাম, একজন প্রধান বিচারপতির নিজ হস্তে সই করা চিঠি… এবং সেটা অন্য কাউকে লেখা নয়, সেটা মহামান্য রাষ্ট্রপতিকে লেখা চিঠি, তিনি বলেছেন, তিনি অসুস্থ। তাহলে আমি আইনমন্ত্রী হিসেবে অন্য কোনো কথা বলতে পারি না।
“সেই ক্ষেত্রে তার যে বক্তব্য সেটাই আমি তুলে ধরেছি। যেসব অর্বাচীনরা এসব বলে, তাদের আমি শুধু জানিয়ে দিতে চাই, মিথ্যা কথা বলার অভ্যাস আপনাদের, আমার না।”
